Hashtagintro

বিগ বস হাউসে ভাইরাল ‘ইঁদুর’ গানের নেপথ্যে ‘বিশেষ মানুষ’, ঝিলমের সেই বন্ধু কে জানেন?

আড্ডার সময়ে হাতের কাছে থাকা জিনিসপত্রে তাল ঠুকে মুখে মুখে গান কিংবা ছড়া বানানো খুব চেনা ছবি। কিন্তু সেই গান নিমেষের মধ্যে ভাইরাল হওয়াটা নিঃসন্দেহে বিশাল ব্যাপার! এমন কৃতিত্বের অধিকারী তো খুব বেশি মানুষ হতে পারেন না। সেই বিরলদের তালিকায় নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন লেখক-ইনফ্লুয়েন্সর ঝিলম গুপ্ত। যিনি আপাতত বিগ বস বাংলা হাউস মাতাচ্ছেন নিজের তৈরি র‌্যাপে। ‘ডিজে মাউস’ ঝিলমের সেই ‘ইঁদুর’ গানটি এখন শুধু বিগ বস অন্দরের বাইরেও ভাইরাল।

ঝিলমের ভাইরাল গানের নেপথ্যে এই বন্ধুই! ছবি: ফেসবুক

‘ইঁদুর’ গানের এহেন সাফল্যের নেপথ্যে যে একজন বিশেষ মানুষ, সেকথা ঝিলম গোপন করেননি। খোদ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কেই একথা বলেছিলেন। কিন্তু তিনি কে? অনুরাগী মহলে এনিয়ে কৌতূহল বৃদ্ধির মাঝেই প্রকাশ্যে এল তাঁর পরিচয়। লেখক-ইনফ্লুয়েন্সর বাইরে ব্যক্তি ঝিলমকে, যাকে বলে, হাড়ে হাড়ে চেনেন সেই কাছের মানুষ।

পৌলমী গুহ, ঝিলমের বিশেষ বন্ধু, ছবি: ফেসবুক

গোলগাল মুখ, ঝাঁকড়া চুল, ছোটখাটো মানুষ। লোকের কথায় – ‘টমবয় টাইপ’ শ্রীরামপুরের ঝিলম গুপ্ত। আর এই চেহারার আড়ালেই লুকিয়ে তাঁর প্রবল রসবোধ আর সৃষ্টিশীলতা। এক এক করে ৭টি বই বেরিয়েছে ঝিলমের কলম থেকে। আর সোশাল মিডিয়ায় তো ইনফ্লুয়েন্সর ঝিলমকে কে না চেনে? আপাতত সেই ঝিলম এখন বিগ বস বাংলার ঘরে ‘ডিজে মাউস’। টয়লেট পেপারের লিপ লাইনার দিয়ে লেখা – ‘বিগ বসেরই ঘরে বাড়ে রক্ত চলাচল’ গানের লিরিক্স বোধহয় এখন টেলিপর্দার দর্শকদের ঠোঁটস্থ হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে যেভাবে গানটি ভাইরাল হয়ে গিয়েছে, তা বিরাট সাফল্য। কিন্তু এর কৃতিত্ব ঝিলম নিজে নিতে চান না। তিনি জানিয়েছেন, এই অবদান অন্য কারও। কে তিনি? ঝিলমের কাছে উত্তর না মিললেও কৌতূহলীরা ঠিক তাঁকে খুঁজে পেয়েছেন।

একান্তে ঝিলম ও পৌলমী, ছবি: ফেসবুক

সম্প্রতি এক পডকাস্ট চ্যানেলে দেখা মিলেছে ঝিলমের সেই ‘বিশেষ বন্ধু’র। নাম তাঁর পৌলমী গুহ। তিনিও এক সৃষ্টিশীল মানুষ। সেরামিক আর্ট, হ্যান্ডমেড আর্টে দারুণ দারুণ কাজ রয়েছে পৌলমীর। অভিন্নহৃদয় দুই বন্ধু মিলে বহু সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করে থাকেন। কাজ ছাড়াও দু’জনে দীর্ঘ সময় কাটান। ঝিলমের একটি বইয়ের প্রচ্ছদ অলংকরণ করেছেন পৌলমী।

ঝিলমের ‘ইঁদুর’ গানের সূত্রপাত এই গাড়িই! ছবি: ফেসবুক

কিন্তু ‘ইঁদুর’ গানের সঙ্গে পৌলমী কীভাবে জড়িত? সেই গল্প শেয়ার করেছেন তিনি। পডকাস্ট চ্যানেলের সাক্ষাৎকারে পৌলমী জানান, ‘‘আসলে একটা সময় আমার গাড়িতে রোজ ইঁদুর ঢুকত। আর আমি ওর কাছে রোজ অভিযোগ করে বলতাম যে আবার ইঁদুর ঢুকে গেছে। তখন আমরা দু’জন খালি ‘ইঁদুর ইঁদুর’ করতাম। সেই থেকে ওর মাথায় ঢুকে গিয়েছিল শব্দটা। সেটা নিয়েই গান বানিয়ে ফেলল।”

ঝিলম ও পৌলমীর বন্ধুত্ব দীর্ঘদিনের, ছবি: ফেসবুক

দীর্ঘদিন ধরে খুব কাছের বন্ধু হিসেবে ঝিলমকে কেমনভাবে দেখেন পৌলমী? জানালেন, ‘‘ও খুব ভালো মানুষ। কখনও চিৎকার করে ঝগড়া করতে পারে না – এটা একদম সত্যি। মাঝে মাঝে আমারই মনে হয়, টিভি স্ক্রিনে ঢুকে ওর হয়ে ঝগড়া করে আসি। সবচেয়ে বড় ব্যাপার, ও খুব ভালো শ্রোতা। খুব ভালো লেখে, ছবিও আঁকে। ও নিজের খেয়ালে নানারকম গান বানায়, খুব দ্রুত গান বানিয়ে ফেলতে পারে। বিগ বসের ঘরে গান তৈরি করে ও শুধু অন্যদের নয়, নিজেকেও আনন্দে রাখার চেষ্টা করছে।” এরপর হেসে জানালেন, ঝিলম ঘরের কাজ একদম পারে না। কাজ শেখানোর জন্য পৌলমী বিগ বসকে ধন্যবাদ জানিয়েছেন। বোঝাই যাচ্ছে, ঝিলমের ঠিক কতটা কাছের পৌলমী।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language