Hashtagintro

বিজেপি-অকালি জোট হতেই পাঞ্জাবে ‘প্যানিক মোডে’ কংগ্রেস, শুরু ‘অস্তিত্বহীন’ বামেদের সঙ্গে জোট চর্চা

ছ’বছরের বিভেদ ঘুচিয়ে পাঞ্জাবে ফের এক ছাতার তলায় অকালি দল-বিজেপি। রাজ্যে ক্ষমতা দখলের স্বার্থে অকালিদের শর্তেই জোটে রাজি হয়েছে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে অকালি দল-বিজেপি জোট ঘোষণা হতেই কংগ্রেসের অন্দরে একপ্রকার প্যানিক মোড। এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল, পাঞ্জাবে কংগ্রেস এবং আপ দুই দলই লড়বে একার শক্তিতে। কিন্তু বিজেপি জোট ঘোষণা করতেই কংগ্রেস বাম দলগুলির সঙ্গে জোট আলোচনা শুরু করল।

সূত্রের দাবি, পাঞ্জাব নিয়ে দুই বামপন্থী দল সিপিএম এবং সিপিআইয়ের সঙ্গে আলোচনা শুরু করেছে হাত শিবির। খোদ দলের রাজ্য সভাপতি পরগত সিং দুই বাম দলের সঙ্গে কথা শুরু করেছেন। ইতিমধ্যেই একাধিক দফায় আলোচনা হয়েছে। কংগ্রেস চাইছে, জনমানসে বার্তা যাক যে বিজেপিকে রুখে দেওয়ার লড়াইয়ে আপের চেয়ে তাঁরাই এগিয়ে। গোটা ইন্ডি জোট কংগ্রেসের সঙ্গেই রয়েছে। যেহেতু বামেরা ইন্ডি জোটে রয়েছে, এবং একসময় পাঞ্জাবে তাঁদের প্রভাব ছিল, তাই বামেদের সঙ্গে জোটের ব্যাপারে উদ্যোগী হাত শিবির।

সমস্যা হল, একটা সময় পাঞ্জাবে বামেদের সামান্য জনভিত্তি থাকলেও গত চার নির্বাচনে সেভাবে প্রভাব ফেলতে পারেনি লাল পার্টি। ২০১৪ সালের পর থেকে পাঞ্জাবে কোনওদিন ১ শতাংশ ভোট পেরোয়নি। আবার এ কথাও ঠিক যে পাঞ্জাব আন্দোলনের ভূমি। সেখানকার বামপন্থী আন্দোলন একসময় গোটা দেশে বামপন্থীদের অনুপ্রেরণা দিয়েছে। সেই অতীত আঁকড়েই এখনও পড়ে সিপিএম। কংগ্রেস এখন চাইছে, কার্যত অস্তিত্বহীন হয়ে যাওয়া সেই সিপিআই ও সিপিএমকে এবার নিজেদের ছাতার তলায় আনতে। তবে সমস্যা হতে পারে আসনরফা নিয়ে। বামেদের সঙ্গে জোট হলেও কত আসন ছাড়া হবে, সেটা লাখ টাকার প্রশ্ন।

মঙ্গলবারই পাঞ্জাবে জোট ঘোষণা করেছে বিজেপি-অকালি দল। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে পাশে বসিয়ে পাঞ্জাবে জোট ঘোষণা করে দিয়েছেন। শুধু জোট ঘোষণা নয়, একই সঙ্গে শাহী ঘোষণা, পাঞ্জাবে ‘বড় ভাই’ও হবে অকালি দলই। সূত্র বলছে, ১১৭ আসনের পাঞ্জাব নির্বাচনে বিজেপি এবার গোটা ৪০ আসনে লড়তে পারে। ২০১৭ সালে অকালিদের সঙ্গে জোটে মাত্র ২৩ আসনে লড়েছিল গেরুয়া শিবির। অর্থাৎ এবার প্রায় দ্বিগুণ আসন পাচ্ছে তাঁরা। তাছাড়া গোটা রাজ্যে নিজেদের উপস্থিতিও জানান দিতে পারবে বিজেপি।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language