সিনেমা তৈরির টাকা বিদেশে পাচার করেছেন সেলেব দম্পতি জ্যাকি ভাগনানি আর রকুলপ্রীত সিং! ভাগনানিদের প্যানোরামা স্টুডিও অর্থাৎ প্রযোজনা সংস্থার বিরুদ্ধেই টাকা নয়ছয়ের অভিযোগে নাকি মুম্বইয়ের ১২টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দপ্তর। শোনা গিয়েছিল মুম্বই আয়কর দপ্তরের একাধিক টিম বিভিন্ন ঠিকানায় পৌঁছে তাঁদের প্রযোজনা সংস্থার নথি এবং আর্থিক লেনদেন সম্পর্কিত একাধিক নথিপত্র খতিয়ে দেখেছে। গত ২৮ সেপ্টেম্বর এই খবর ছড়িয়ে পড়তেই সিনেপাড়ার অন্দরে দম্পতির কীর্তি নিয়ে তরজা জারি। সপ্তাহ ঘুরতেই নীরবতা ভাঙলেন রকুলপ্রীত।
সমাজমাধ্যমের পোস্টে এসব অভিযোগ নস্যাৎ করে দিলেন মিসেস ভাগনানি। অভিনেত্রীর দাবি, ভুয়ো খবর রটানোর ফলে তাঁদের ভাবমীর্তি নষ্ট হচ্ছে। লম্বা চওড়া পোস্ট মারফৎ রকুলপ্রীত জানিয়েছেন, ‘এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক যে কিছু স্বঘোষিত সাংবাদিকসহ মূলধারার সংবাদমাধ্যম যাচাই না করেই চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে। তাই আর কোনও ধোঁয়াশা না রেখে বিষয়টা স্পষ্ট করা যাক। যে তল্লাশি অভিযান নিয়ে কথা বলা হচ্ছে তার সঙ্গে আমি কোনওভাবে জড়িত নই। আমি সশস্ত্র বাহিনী পরিবারের মেয়ে। ইন্ডাস্ট্রিতে আমার কোনও গডফাদার ছিল না। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। একজন দায়িত্বশীল ও আইনের রীতি মেনে চলা নাগরিক হিসেবে কুড়ি বছর বয়স থেকেই কর পরিশোধ করি।’
View this post on Instagram
আরও যোগ করেছেন, ‘ব্যক্তিগতভাবে বা কোনও প্রোডাকশন হাউসের ব্যানারে বেআইনিভাবে বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নই। দেশে বিদেশে কোথাও কোনও বেআইনি সম্পত্তি নেই। কেউ উপহারও দেয়নি। যাঁরা মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ করেছেন তাঁরা দয়া করে সেগুলো প্রত্যাহার করুন। প্রকৃত তথ্য স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। আমি জানি এবং বুঝতে পারি প্রত্যেক সংস্থার একটা নিজস্ব বাণিজ্যিক চাপ আছে। তবে সেই কারণে কোনও সত্যকে আড়াল করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে যা কারও ভাবমূর্তি নষ্ট করে।’
