কলকাতায় ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ খেলেছেন মনবীর সিংরা। এবার ভারতের মেয়েরা বৃহস্পতিবার ফিফা ফ্রেন্ডলিতে নামলেন কিশোরভারতী স্টেডিয়ামে। রাশিয়ার বিরুদ্ধে। এই মুহূর্তে রাশিয়া ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে ২৭তম স্থানে। সেখানে ভারতের মেয়েরা রয়েছে ৬৯তম স্থানে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ফিফার ক্রমতালিকার বিচারে দুই দলের ব্যবধান ‘অসম’। তাই ভারতের প্রমীলা ব্রিগেডের কাছ থেকে লড়াই আশা করেছিল ফুটবলপ্রেমীরা। ভারত লড়াই করল। রাশিয়ার মতো দলকে ৩০ মিনিট পর্যন্ত গোলশূন্য আটকে রাখা চারটিখানি কথা নয়। তবে শেষ পর্যন্ত ০-৪ গোলে হারল ভারত।
কলকাতার মাঠে লড়াইটা শুরু হয়েছিল প্রতিরোধ দিয়ে। শেষ হল হতাশায়। এভাবেই ব্যাখ্যা করা যায় এই ম্যাচকে। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়ার কাছে হারতে হল ভারতীয় মহিলা ফুটবল দলকে। প্রথমার্ধে বেশ কিছুটা সময় রক্ষণ সামলে ম্যাচে থাকার চেষ্টা করেছিল ভারতের মেয়েরা। গোলরক্ষক মোনালিসা দেবীর কয়েকটি দুরন্ত সেভ ভারতকে বাঁচিয়ে রাখে। কিন্তু বিরতির ঠিক আগে ৪০ মিনিটে ইানা শেইনার গোলে এগিয়ে যায় রাশিয়া।
A difficult test, but plenty to learn from. On to the next one. #INDRUS #BlueTigresses #IndianFootball https://t.co/DCSoHikGp7
— Indian Football (@IndianFootball) October 8, 2026
দ্বিতীয়ার্ধে অবশ্য ছবিটাই বদলে যায়। প্রবল বৃষ্টি, পিচের পিচ্ছিল অবস্থা এবং শারীরিক ক্লান্তির সঙ্গে তাল মেলাতে পারেনি ভারত। সেই সুযোগ কাজে লাগিয়ে ৬০ ও ৭০ মিনিটে পরপর দু’টি গোল করেন পরিবর্ত হিসেবে নামা কিরা। ৮০ মিনিটে ইানা স্ভিস্তুনোভা রাশিয়ার চতুর্থ গোলটি করেন।
এরপর কার্যত ম্যাচের নিয়ন্ত্রণই হারিয়ে ফেলে ভারত। রক্ষণে মরিয়া প্রতিরোধ এবং পোস্টের সহায়তা না থাকলে ব্যবধান আরও বাড়তে পারত। তবে তরুণ ভারতীয় দলটির সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। আগামী ১১ অক্টোবর একই প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে আবার মাঠে নামবে ভারত। উল্লেখ্য, রাশিয়া মহিলা ফুটবল দল দু’বার বিশ্বকাপ খেলেছে। ১৯৯৯ এবং ২০০৩ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ‘সবোরনিয়া’রা (রাশিয়া মহিলা ফুটবল দলের ডাকনাম)।
