Hashtagintro

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফট, যোগাযোগ বন্ধে বাতিল একাধিক উড়ান, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

মানবকর্মীদের ছেঁটে এআইয়ের উপর ভরসা রাখছিল মাইক্রোসফট। কর্মীদের চাকরি ছেড়ে দিতে বলেছিল টেক সংস্থাটি। তার কয়েকদিনে মধ্যেই সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ল মাইক্রোসফটের পরিষেবা। প্রায় ১১ ঘণ্টা ধরে বিশ্বের অন্যতম সেরা টেক সংস্থাটি কার্যত অচল হয়ে রইল। তার জেরে দিল্লিতে বিমান চলাচল ব্যাহত হতে শুরু করল। ইতিমধ্যেই রাজধানীতে তিনটি বিমান বাতিল হয়েছে।

ঠিক কী সমস্যা? জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভারত-সহ একাধিক দেশে মাইক্রোসফটের ইমেল পরিষেবা ‘আউটলুক’ এবং ‘মাইক্রোসফট ৩৬৫’-এ সমস্যা শুরু হয়। প্রথমে ইমেল পাঠাতে পারছিলেন না ইউজাররা। তারপর লগইন করতেও গিয়েও বিপত্তি। শুক্রবার সকাল হতে সমস্যা আরও বাড়ে। ইমেল আদানপ্রদান, লগ ইন, ইনবক্সে থাকা মেল চেক করা-সমস্ত কিছুই একেবারে স্তব্ধ হয়ে যায়। প্রায় ১১ ঘণ্টা ধরে এই অচলাবস্থা চলেছে বিশ্বজুড়ে।

জানা গিয়েছে, অন্তত ১ লক্ষ ৩০ হাজার ইউজার সমস্যায় পড়েছেন এই বিশ্বব্যাপী বিভ্রাটের জেরে। সমস্যা নিয়ে মুখ খুলেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি যে ইউজাররা মেল আদানপ্রদানে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেটা হয়েছে আমাদের পরিকাঠামোর উপর অত্যধিক চাপ পড়ে যাওয়ার দরুণ।’ দীর্ঘ ১২ ঘণ্টা ধরে অচলাবস্থা চলতে থাকায় এবার সমস্যা ছড়িয়ে পড়েছে মেল আদানপ্রদানের থেকেও বড় ক্ষেত্রে।

মাইক্রোসফটের ইমেল পরিষেবা ব্যাহত হওয়ার জেরে যথাযথ বার্তা পৌঁছচ্ছে না বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলির কাছে। সেকারণেই শুক্রবার সকালে দিল্লি থেকে তিনটি বিমান বাতিল হয়েছে। দু’টি বিমানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও বিমান বাতিলের আশঙ্কা রয়েছে। আপাতত চেষ্টা চলছে মাইক্রোসফটের পরিবর্তে অন্য কোনও সফটওয়্যারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আবার আগের মতো স্বাভাবিক করার। অন্যদিকে, মাইক্রোসফটের সমস্যা কখন সমাধান হবে সেই নিয়ে কিছুই জানায়নি সংস্থাটি। কেনই বা আচমকা মাইক্রোসফটের পরিকাঠামোয় চাপ বাড়ল, উত্তর অজানা। হু হু করে কর্মী ছাঁটাইয়ের জেরেই কি এই সমস্যা? 

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language