Hashtagintro

বোতলের ছিপি দিয়ে বল বিকৃতি করেছে পাকিস্তান! বিস্ফোরক স্বীকারোক্তি আখতারের

আট বছর আগে বিশ্ব ক্রিকেটে ঝড় তুলেছিল স্যান্ডপেপার কেলেঙ্কারি। সেই বিতর্কই আবার নতুন করে আলোচনায়। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার উসমান খোয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশ্যে আসতেই ফের শিরোনামে ২০১৮ সালের কেপ টাউন টেস্ট। প্রাক্তন অজি ওপেনার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে বল বিকৃতির ঘটনা সম্পর্কে জানত গোটা দল। খোয়াজার এই বিস্ফোরক মন্তব্যের পর মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তিনি জানিয়েছেন, এই ঘটনা নিয়ে এত হইচই করার কোনও মানে হয় না। অতীতে পাকিস্তান দলও বল বিকৃতি করেছিল বলে স্বীকার করে নিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

খোয়াজা জানিয়েছেন, কেবল কেপ টাউন নয়, তার আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও একই কাজ করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। অথচ অভিযুক্ত হয়েছিলেন মাত্র তিনজন। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। এবার পাকিস্তানের প্রাক্তন গতিদানব বলছেন, অতীতে পাক দলও বল বিকৃতি ঘটিয়েছে। ইংল্যান্ডের মাটিতে বোতলের ছিপি দিয়ে বলের চেহারা বদলানোর কথাও জানিয়েছেন আখতার। উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে আখতার বলেন, “আরে ভাই, এবার তো বিষয়টা ছেড়ে দাও! এটা নিয়ে এত হইচই করার কী আছে? আমি বুঝতে পারছি, এতে ক্রিকেটের ক্ষতি হয়েছে। আমাদের ক্রিকেটেরও ক্ষতি হয়েছিল। ইংল্যান্ডে খেলার সময় আমরা স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি ব্যবহার করতাম। বলের আকৃতি বদলে দিতাম। আরও নানা রকম কাজ করতাম। ঠিক আছে, সত্যিটা সামনে এনেছ। ব্যস, সেটুকুই যথেষ্ট। এবার এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই।”

ফাইল ছবি।

তবে নিজের পুরনো সতীর্থদের নিয়ে মুখ খুলতে নারাজ আখতার। তিনি জানিয়েছেন, ক্রিকেটে এমন অনেক ঘটনা ঘটেছে, যা নিয়ে তাঁর বলার আছে। কিন্তু সতীর্থদের বিপদে ফেলতে চান না তিনি। আখতারের কথায়, “আমার পুরনো সতীর্থদের সম্পর্কে অনেক কিছু বলার আছে। ওদের অনেক ভুল নিয়েও কথা বলতে পারি। কিন্তু আমি সেটা করব না। সতীর্থদের বিপদে ফেলতে চাই না। এমনও সময় গিয়েছে, যখন মনে হয়েছে, আমি যেন ২২ জনের বিরুদ্ধে খেলছি! কারণ, আমার বিরুদ্ধে খেলা প্রত্যেক ক্রিকেটারই কোনও না কোনও কারণে নজরদারিতে ছিল। কাকে বিশ্বাস করব, সেটাই বুঝতে পারতাম না।”

খোয়াজার মন্তব্যকে অবশ্য উড়িয়ে দিচ্ছেন না প্রাক্তন পেসার। তাঁর মতে, বল বিকৃতির মতো ঘটনা কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্তে হওয়া সম্ভব নয়। এতে গোটা দলের সম্মতি থাকা প্রয়োজন। আখতার বলেন, “উসমান যা বলেছে, সেটা সত্যি হওয়ারই কথা। এটা দু-একজনের সিদ্ধান্ত হতে পারে না। একটা দলের সিদ্ধান্ত না হলে এমন কাজ করা সম্ভব নয়। আমরা ক্রিকেট বল নিয়ে নানা রকম কাজ করতাম। কিন্তু গোটা দলই জানত। কারণ, বল রিভার্স সুইং না করাতে পারলে আমরা ম্যাচ জিততে পারতাম না।” পাশাপাশি এই ঘটনার নিন্দাও করেছেন আখতার। তাঁর মতে, সত্যি সামনে আনার ক্ষেত্রে খোয়াজা ঠিক কাজই করেছেন। আখতারের সংযোজন, “এখন যা সামনে আসছে, তা রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। তবে এমনটা হওয়া উচিত ছিল না। উসমান ঠিক কাজ করেছে। কিন্তু সত্যিটা প্রকাশ করার সময় আরও ভালো হতে পারত।”

উল্লেখ্য, কেবল খোয়াজাই নয়, স্যান্ডপেপারগেট নিয়ে মুখ খুলেছেন ক্যামেরন ব্যানক্রফটও। তিনিও জানিয়েছেন, দলের প্রত্যেকেই জানতেন। ক্যামেরায় ধরা পড়ার পর শেষ পর্যন্ত গোটা ঘটনার দায় তাঁর ঘাড়েই চাপানো হয়েছিল। আর এবার স্যান্ডপেপারগেটের প্রসঙ্গ টেনে অতীত বিতর্ক উসকে দিলেন শোয়েব আখতারও।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language