Hashtagintro

‘ব্যর্থতার দায় অন্যের উপর চাপাচ্ছেন’, শিল্পপতিদের প্রশ্ন করায় মোদিকে তোপ কংগ্রেসের

বৃহস্পতিবার বণিকসভা ফিকি-র বার্ষিক অনুষ্ঠানে শিল্পপতিদের ‘কটাক্ষ’ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা আসরে নেমে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে কংগ্রেস। বিরোধী দলের দাবি, কর্মসংস্থান ও বেতন বৃদ্ধি নিয়ে শিল্পপতিদের প্রতি প্রধানমন্ত্রীর কটাক্ষ আদতে সরকারের নীতিগত ব্যর্থতার ‘স্বীকারোক্তি’।

ফিকি-র বার্ষিক সাধারণ সভায় প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন যে, তাঁর সরকার কর্পোরেট করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করেছে এবং ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড় দিয়েছে। তা সত্ত্বেও শিল্পপতিরা কর্মীদের বেতন কিংবা কর্মীসংখ্যা বাড়াননি বলে তিনি প্রশ্ন তোলেন। শিল্পমহলের আরও সুবিধার দাবিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের এত খিদে যে যতই খাওয়ানো হোক না কেন, পেট ভরে না।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে শুক্রবার কেন্দ্রের অর্থনৈতিক নীতিকে তীব্র আক্রমণ করে কংগ্রেস নেতৃত্ব। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স-এ লেখেন, মোদির এই কথা শিল্পপতিদের বিরুদ্ধে অভিযোগ নয়, বরং এটি তাঁর নিজেরই ‘কবুলনামা’ বা স্বীকারোক্তি।

রাহুলের অভিযোগ, বিমানবন্দর, বন্দর, খনি ও বিদ্যুৎ ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য তৈরি করে এবং নোটবন্দি ও ত্রুটিপূর্ণ জিএসটি-র মাধ্যমে ছোট ও মাঝারি শিল্পকে ধ্বংস করার ফলেই দেশে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, ১২ বছরের শাসনের পর মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং বেসরকারি বিনিয়োগে ধীরগতির দায় এড়াতে প্রধানমন্ত্রী এখন অন্যদের ওপর দোষ চাপাচ্ছেন। প্রধানমন্ত্রীকে আত্মসমীক্ষা করার পরামর্শ দিয়েছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা। তাঁর দাবি, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার যা যা বলেছেন, তার সবকটি কথাই আসলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ইস্তাহার ‘ন্যায়পত্র’-র পুনরাবৃত্তি।

এদিকে, আমেরিকায় আলোচনাসভায় মোদি সরকারের বিদেশনীতি নিয়েও সরব হয়েছেন রাহুল গান্ধী। দেশকে বিশ্বগুরু বলে কেন্দ্র তুলে ধরার চেষ্টা করলেও আমেরিকা এবং ইরানের আলোচনার মধ্যে ভারত বাদ পড়া খেলোয়াড়ের ভূমিকায় বলে মন্তব্য করেন তিনি। বরং উল্লেখিত বিষয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে সরব হন বিরোধী দলনেতা। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের আরও সক্রিয় ভূমিকা হওয়া দরকার ছিল বলে দাবি করেন তিনি। যদিও বিজেপি এ জন্য তাঁকে পাকিস্তানের ‘ফ্যান বয়’ বলে মন্তব্য করেছে।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language