Hashtagintro

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের রেশ কাটতেই ‘চেনা’ ছন্নছাড়া ফুটবল ভারতের, নিউজিল্যান্ড দিল ৫ গোল

ভারত: ০
নিউজিল্যান্ড: ৫ (ভার্গিস – আত্মঘাতী, র‍্যান্ডাল ২, উড, বেলিস)

পানামার সঙ্গে ঐতিহাসিক ড্র করেছিল ভারত। এরপর ব্রাজিলের বিরুদ্ধে ব্লু টাইগার্সদের ‘সাহসী’ ফুটবল মনজয় করেছিল। উরুগুয়ের বিরুদ্ধেও অনিরুদ্ধ থাপার গোলে একটা সময় এগিয়ে গিয়েছিলেন খালিদ জামিলের ছেলেরা। যদিও কিউয়ি মুলুকে গিয়ে ঝাঁজ উধাও ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ০-৫ গোলে লজ্জার হার হারতে হল লিস্টন কোলাসোদের। 

গত উইন্ডোতে খেলা ব্রাজিল, উরুগুয়ের মতো শক্তিশালী না হলেও নিউজিল্যান্ডও গত বিশ্বকাপের মূলপর্বে খেলেছে। যদিও গ্রুপ পর্বের ম্যাচে বেলজিয়াম ও ইজিপ্টের কাছে বড় ব্যবধানে হারলেও ইরানের সঙ্গে ড্র করেছিল অল হোয়াইটসরা। সেই দিক থেকে দেখতে গেলে ভারতের থেকে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৫০ ধাপ এগিয়ে থাকা অল হোয়াইটসরা ধারেভারে যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে তাদের আক্রমণভাগে রয়েছেন নটিংহ্যাম ফরেস্টের স্ট্রাইকার ক্রিস উড। যিনি এই দলেরও অধিনায়ক। এছাড়াও এই দলে গত বিশ্বকাপে খেলা টেলর বিন্ডন, ক্যালন এলিয়ট, ফ্রান্সিস দ্য ব্রিস, জেসি র‌্যান্ডাল, ক্রিস উডের মতো সাত ফুটবলার রয়েছেন। ওয়েলিংটন ফোনিক্সের তিন ফুটবলার কোর্বান পিপার, ম্যাথু সেরিদান ও নাথ্যান ওয়াকারকে এই স্কোয়াডে রেখেছেন অল হোয়াইটস কোচ ড্যারেন বেজলি।

তারকাখচিত দল নিয়েই বৃহস্পতিবার শুরু থেকেই ভারতের রক্ষণকে চাপে ফেলে দেয় নিউজিল্যান্ড। অন্যদিকে, ভারতের ‘ভুলেভরা ফুটবল’ বারবার চোখে পড়ছিল। ভূরি ভূরি মিস পাস থেকে রক্ষণে সমন্বয়ের অভাব খেসারত দিয়ে হয় ভারতকে। নিজেদের অর্ধে বল রেখে খেলার চেষ্টা করছিল ভারত। কিন্তু এতটা নেতিবাচক মানসিকতা হলে বলের দখল হারাতেই হবে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। চাপ বাড়িয়ে সুযোগ তৈরি করে নিউজিল্যান্ড। র‌্যান্ডালের কাটব্যাক বক্সের মধ্যে ক্লিয়ার করতে গিয়ে সতীর্থ বিজয় ভার্গিসের গায়ে বল লাগিয়ে ফেলেন পরমবীর। দিক পরিবর্তন করে বল জড়িয়ে যায় ভারতের জালে। প্রথমে বিশাল কাইথ বাঁচালেও শেষ পর্যন্ত বিপদ এড়াতে পারেনি ভারত। ৫ মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের জন্য এই ‘ভুল’টাই কার্যত কাল হল। কারণ এরপর আর ম্যাচে ফিরতে পারেনি খালিদ জামিলের ছেলেরা।

৯ মিনিটে অবশ্য দুরন্ত সেভ করে ভারতকে দ্বিতীয় গোল হজমের হাত থেকে বাঁচান কাইথ। বক্সের বাইরে থেকে গ্যারবেটের নেওয়া ভলি অসাধারণ ক্ষিপ্রতায় আটকে দেন ভারতীয় গোলরক্ষক। ১১ এবং ১৪ মিনিটেও সুযোগ তৈরি করে নিউজিল্যান্ড। এই সময় ভারতীয় দলকে বেশ অগোছালো দেখাচ্ছিল। আক্রমণ গড়ে তোলা তো দূরের কথা, প্রতিপক্ষের চাপ সামলাতেই হিমশিম অবস্থা হয় ভারতের রক্ষণের। আনোয়ার আলির অভাব চোখে পড়ছিল। তবে ১৯ মিনিটে সুযোগ পায় ভারত। ডান প্রান্তে জিতিন এবং রায়ান উইলিয়ামসের যুগলবন্দিতে গোলের কাছাকাছি পৌঁছায় ব্লু টাইগার্স। বক্সের মধ্যে উইলিয়ামসের বাড়ানো বল পান মনবীর সিং। কিন্তু বলটি কিছুটা পিছনে চলে যাওয়ায় ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেননি মোহনবাগানের ফরোয়ার্ড। সেই সুযোগে এগিয়ে এসে তাঁর শট আটকে দেন নিউজিল্যান্ডের ডিফেন্ডারেরা। শেষ পর্যন্ত বল জমা পড়ে গোলরক্ষক পলসেনের হাতে।

নিউজিল্যান্ডে খেলা ভারতীয় দল। ছবি এআইএফএফ।

২২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কিউয়িরা। র‍্যান্ডালের বাড়ানো বল পান লোগান রজারসন। যদিও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৩৪ মিনিটে অবশ্য আর ভুল করেননি র‍্যান্ডাল। গ্যারবেটের পাস থেকে গতি বাড়িয়ে ভারতের রক্ষণে ঢুকে পড়েন তিনি। বিজয় ভার্গিসকে কাটিয়ে নেওয়া তাঁর শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। ৩৭ মিনিটে ফের ভারতের রক্ষণকে বিব্রত করেন তিনি। কার্যত ফাঁকা জায়গা বল পেয়ে গিয়েছিলেন। নিজে শট না নিয়ে কাটব্যাক করেন। কিন্তু সতীর্থ ক্রিস উডের সঙ্গে তাঁর বোঝাপড়ার অভাবে সেই আক্রমণ থেকে গোল আসেনি।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪৩ মিনিটে ডি ভ্রিসের কাটব্যাক ক্লিয়ার করার চেষ্টা করেন পরমবীর। কিন্তু বল চলে যায় র‍্যান্ডালের পায়ে। বক্সের মধ্যে জায়গা তৈরি করে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান তিনগুণ করেন তিনি। প্রথমার্ধের শেষে ৩-০ গোলে এগিয়ে নিউজিল্যান্ড যে দ্বিতীয়ার্ধে আরও বিপজ্জনক হয়ে উঠবে, তা অনুমেয় ছিল। এবং হলটাও তাই। ৫৭ মিনিটে উডের গোলে ব্যবধান চারগুণ করেন। ভারত বিশেষ কিছু করতে পারেনি। ৬৬ মিনিটে লিস্টন সুযোগ পেলেও তাঁর গোলখরা কাটেনি। ৭৪ মিনিটে লিয়াম গিলিয়নের ক্রস থেকে বল পান বক্সের ভেতর অরক্ষিত বেইলিস। দুর্দান্ত হাফ-ভলিতে গোল করেন। এক্ষেত্রে কাইথের কিছুই করার ছিল না। ৭৭ মিনিটে হাফডজন গোল হজম করতে পারত ভারত। কিন্তু ‘বিশাল’ দক্ষতায় বাঁচান কাইথ। তিনি না থাকলে আরও বড় লজ্জা অপেক্ষা করছিল ভারতের সামনে। শেষ পর্যন্ত পাঁচ গোল হজম করে মাঠ ছাড়তে হল রায়ান উইলিয়ামসদের।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language