অকেজো ব্রেক। থামার উপায় নেই। এই অবস্থায় দুই রাজ্য ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ জুড়ে ৪৬৩ কিলোমিটার ছুটল ভারতীয় রেলের গর্বের ‘বন্দে ভারত’। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার জেরে যাত্রীবাহী ট্রেনগুলিও ঝুঁকির মধ্যে পড়ে। অভিযোগ, লোকো পাইলট বিষয়টি নিয়ে সতর্ক করলেও রেলকর্মীদের তরফে ট্রেনটি না থামিয়ে চলতে দেওয়া হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
এই ঘটনা ঘটেছিল গত ২৪ অক্টোবর। একটি খালি বন্দে ভারত ট্রেনকে ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তরপ্রদেশের ঝাঁসিতে নিয়া যাওয়ার কথা ছিল। সেই উদ্দেশে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন জোড়া হয় বন্দে ভারতের সঙ্গে। কিন্তু রেলকর্মীরা সেই সংযোগ ঠিকমতো করেননি। হাতিয়া ছাড়ার পর হাতিয়া-রাঁচি সেকশনে ট্রেনটির ব্রেক পরীক্ষা করেন লোকো পাইলট। পরীক্ষায় দেখা যায়, ট্রেনের ব্রেক পাওয়ার খুবই খারাপ। এবং সেটি কাজ করছে না। লোকো পাইলট রাঁচি স্টেশনে পৌঁছে লিখিতভাবে সেকশন কন্ট্রোলার আর ট্র্যাকশন লোকো কন্ট্রোলারকে অভিযোগ জানান। তার পরও ট্রেনটিকে একই অবস্থায় চালিয়ে যেতে বলা হয়। পরে মুরি স্টেশনে ট্রেনটি চালানো আর এক লোকো পাইলটও একই অভিযোগ করেন। তাতেও বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ট্রেনটি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এভাবেই ব্রেকের সমস্যা নিয়েই ৪৬৩ কিলোমিটার চলে বন্দে ভারত ট্রেন।
ট্রেনটি প্রায় ৪৬৩ কিলোমিটার পথ চলেছে শুধু ইঞ্জিনের ব্রেক আর রিজেনারেটিভ ব্রেকিংয়ের ভরসায়।
শেষে উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার দীনদয়াল উপাধ্যায় স্টেশনে লোকো পাইলটের তরফে ফের অভিযোগ জানানো হলে এখানে কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে। পরীক্ষা করে দেখা যায়, বন্দে ভারতের সবকটি কোচের ব্রেকিং সিস্টেম আইসোলেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। যার জেরে কোচের কোনও ব্রেকই কাজ করছিল না। ট্রেনটি প্রায় ৪৬৩ কিলোমিটার পথ চলেছে শুধু ইঞ্জিনের ব্রেক আর রিজেনারেটিভ ব্রেকিংয়ের ভরসায়।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার হয়েছে। প্রাথমিক তদন্তে ‘কোচ অ্যান্ড ওয়াগন’ কর্মীদের গাফিলতি নজরে এসেছে। অভিযোগ, ছাড়ার আগে সেখানে পরীক্ষা করা হয়নি ট্রেনটির ব্রেক কাজ করছে কি না। এছাড়া লোকো পাইলটের তরফে অভিযোগ জানানোর পরও কীভাবে ট্রেনটি চালানোর অনুমতি দেওয়া হল তা নিয়েও প্রশ্ন উঠছে। একাধিক স্তরে বিভিন্ন কর্মীর ব্যর্থতার কারণে ট্রেনটি কার্যকর ব্রেক ছাড়াই চলেছে বলে মনে করছে রেল। সৌভাগ্যবশত ট্রেনটিতে কোনও যাত্রী ছিল না। থাকলে কী অবস্থা হত ভেবে শিউরে উঠছেন খোদ রেলকর্মীরা।
