বিহার থেকে গ্রেপ্তার করে আনা হয়েছিল দুষ্কৃতীকে। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল ধৃতকে। সেই হেফাজতে থাকার সময়ই থানা থেকে পালাল দুষ্কৃতী! প্রাথমিকভাবে জানা গিয়েছে, লকআপের জানলা ভেঙে ওই দুষ্কৃতী পালিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ হেফাজতে থেকে কীভাবে একজন বন্দি পালাতে পারে? সেই প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানান গিয়েছে, গাড়ি চুরি মামলায় অভিযুক্ত মনোজ চক্রবর্তীকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছিল। দুর্গাপুরে নিয়ে এসে তাঁকে আদালতে তোলা হয়। বিচারকের নির্দেশে ধৃতকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। সেই মতো মনোজকে কোকওভেন থানার পুলিশ লকআপে রাখা হয়েছিল। সেখান থেকেই পুলিশের চোখে কার্যত ধুলো দিয়ে পালাল দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, গতকাল, শনিবার রাতে দেখা যায় লকআপের জানলা ভাঙা, মনোজ নেই!
সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরা তল্লাশি, খোঁজখবর শুরু করে। কিন্তু আজ, রবিবার সকাল পর্যন্ত ওই দুষ্কৃতীর কোনও খোঁজ পাওয়া যায়নি। কিন্তু কীভাবে পালাল ওই মন্ত্রী? থানায় পুলিশের নজরদারি, নিরাপত্তা রয়েছে। সেখানে কীভাবে পুলিশের নজর এড়িয়ে জানলা ভেঙে পালাল? একজন ধৃত লকআপে থেকে জানলা ভাঙল? থানায় উপস্থিত কোনও পুলিশকর্মী কেন টের পেলেন না? তাহলে থানার নিরাপত্তা কোথায়? সেই প্রশ্ন উঠেছে। লকআপের জানলাটি ভাঙা অবস্থায় ছিল কিনা, থাকলে কেন তা মেরামত করা হয়নি? কিংবা অভিযুক্তের উপর যথাযথ নজরদারি ছিল কিনা, সেইসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছেন পুলিশ কর্মীরাও। মুখে কুলুপ এঁটেছেন থানার আধিকারিকরা। দুষ্কৃতীর খোঁজে আশপাশের এলাকাতেও খোঁজ চলছে। এ বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার বলেন, “তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনও পুলিশ আধিকারিকের গাফিলতি থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
