ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi 2026) মানেই গা শিরশির। সন্ধ্যা নামলেই তেঁনারা আসতে পারেন এই ভয়ে যেন বুক দুরুদুরু। শিশুমনে এই আতঙ্ক কাজ করে আরও বেশি। ভয়ে যেন কাঁটা হয়ে থাকে অনেকে। তবে এই ভয় থেকে ক্ষতিও হতে পারে খুদের। জেনে নিন কীভাবে সন্তানকে সামলাবেন।
অতিরিক্ত ভয়ে নানা ক্ষতি হতে পারে খুদের। ঠিক কী কী হতে পারে?
- প্যানিক অ্যাটাক
- মুখ শুকনো হয়ে যায়
- পেশি শক্ত হয়ে যাওয়া
- বমি বমি ভাব
- হৃদকম্পন বৃদ্ধি
- ঘুমে ব্যাঘাত

এই সমস্যাগুলি যাতে না হয় তাই জেনে নিন কীভাবে খুদেকে সামলাবেন:
- শিশু ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বুকে জড়িয়ে ধরুন। স্পর্শ পেলে সে দ্রুত শান্ত হবে।
- শিশুকে বোঝান আপনি তার পাশে আছেন। তাই কোনও ভূতই তাকে ধরতে পারবে না।
- শিশুকে শান্ত করতে তার পছন্দের গান শোনাতে পারেন।
- ঠিক কী কারণে ভয় পেয়েছে খুদে, তা বোঝার চেষ্টা করুন।
- ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই বোঝাতে শুরু করেন, ভূত বলে কিছু নেই। এই কাজটি ভুলেও করবেন না। তাতে খুদের আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে যেতে পারে। সে ভবিষ্যতে কোনও কথা বলতে চাইতে নাও পারে।

- ভয়ের পরিবেশ এবং উৎস দূর করার চেষ্টা করুন। শিশুকে ভুলেও অন্ধকারে নিয়ে যাবেন না। ঘুমনোর সময় ঘরে নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখার চেষ্টা করুন।
- ভূতের গল্প, ভয়ংকর কার্টুন কিংবা সিনেমা দেখাবেন না।
- মজার কৌশল শেখাতে পারেন খুদেকে। একটি বোতলে সুগন্ধি মেশানো জল তৈরি করে নিন। এবার খুদেকে মজার ছলে দেখান এটি স্প্রে করলেই ভূত চলে যাবে।
এই সহজ কৌশলগুলি অবলম্বন করলেই শান্ত হবে খুদে। আর তাতে কাজ না লাগলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। নইলে খুদের ক্ষতি হতে পারে।
