রবিবারই বোঝা গিয়েছিল, বিগ বস বাংলার দুর্গে প্রত্যাবর্তন হবে নন্দিনী দত্তের। তবে তা কবে এবং কীভাবে, তা স্পষ্ট ছিল না। মঙ্গলবারের পর্বে দেখা গেল ভূত জুলির রূপে দুর্গে ঢুকে পড়লেন নন্দিনী। তাঁকে দেখেই জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিলেন নন্দিনী। তবে পারিবারিক শোয়ে এই ধরণের আচরণে ভীষণ বিরক্ত প্রতিযোগী সৌরভ দাসের মা। তাঁর কথায়, “মিষ্টি প্রেম হতেই পারে। কিন্তু এটা একটা নোংরামির পর্যায়ে পৌঁছে গিয়েছে। চরম বাড়াবাড়ি হচ্ছে।”
গত রবিবার ‘দাদার রবিবারে’ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, দর্শকদের ভোটে দুর্গ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন নন্দিনী। এরপরই কান্নায় ভেঙে পড়েন রাজবীর-সহ অন্যান্যরা। দুর্গ ছাড়ার মুহূর্তে প্রেমিকাকে চুমুতে ভরিয়ে দেন রোমিও রাজবীর। যদিও এরপরই জানা যায়, আদলে এভিক্টেড হননি নন্দিনী। তাঁকে ২ দিন রাখা হয় সিক্রেট রুমে। মঙ্গলবার রাতে সেখান থেকে ভূতের বেশে ফেরানো হয় মূল দুর্গে। জানা যায়, বেশ কিছু পাওয়ার নিয়ে ফিরেছেন তিনি। নন্দিনী ফিরতেই স্বাভাবিকভাবেই আবেগ প্রবণ হয়ে পড়েন রাজবীর। জাপটে ধরে নন্দিনীকে চুমুতে ভরিয়ে দেন তিনি।
রাজ-নন্দিনীর এই মাখোমাখো প্রেমে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়েছেন অনেকে। খোদ সঞ্চালক বলেছেন, পারিবারিক শোয়ে যা হচ্ছে, তা ঠিক নয়। এবার এই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা সৌরভ দাসের মা। তিনি বলেন, “মিষ্টি প্রেম তো হতেই পারে। কিন্তু এটা একটা নোংরামির পর্যায়ে পৌঁছে গিয়েছে। চরম বাড়াবাড়ি হচ্ছে। সব কিছুর একটা সীমা থাকা উচিত। রাজবীর আর নন্দিনী সেই সীমাটাই পার করে গিয়েছে। শো দেখাই ছেড়ে দেব ভেবেছিলাম।”
