Hashtagintro

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল! কম্পন অনুভূত উত্তরবঙ্গেও

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও। সেই সঙ্গেই ভুটান ও চিনেও কম্পন টের পেয়েছেন সাধারণ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল নেপালের কোশি প্রদেশের লেলেপ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। রিখটার স্কেরে কম্পনের মাত্রা ছিল ৫.৩।

গত ১২ নভেম্বরও নেপালের কোশি প্রদেশেই ভূমিকম্প হয়েছিল। সেবারও কম্পন অনুভূত হয়েছিল উত্তরের পাহাড়-সমতলে। একই ছবি দেখা গেল মঙ্গলবার সকালেও। এদিন ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৭টা ২ মিনিটে কেঁপে ওঠে নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে যে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর অক্ষাংশ ২৭.৮৫৫ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৮৭.৯০৯ ডিগ্রিতে, ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে যে, নেপাল-তিব্বত সীমান্তের কাছে তাপলেজুং জেলার ওলাংচুং গোলার কাছাকাছি কম্পনের তীব্রতা ছিল ৫.৬। 

ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশ, যার মধ্যে বিহার, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকা অন্তর্ভুক্ত, ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এছাড়া হিমালয় অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতেও কম্পন অনুভূত হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের প্রভাব দার্জিলিং, কালিম্পং, সিকিম পাহাড়ে ঠিক কতটা পড়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে কি না এখনও জানা যায়নি। সে বিষয়ে প্রশাসনের তরফে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভূমিকম্পের ধাক্কায় এদিন উত্তরবঙ্গের বহুতল ভবন, বসতবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও মাথার ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনগুলি কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন। যাঁরা সকালের হাঁটা বা শরীরচর্চার জন্য বাইরে বেরিয়েছিলেন, তাঁরাও এই আকস্মিক ভূকম্পনের মুখে পড়ে হতবাক হয়ে যান। তবে এখনও পর্যন্ত পাওয়া খবরে এই কম্পনে কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছিল নেপালে। সেবার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। ভূস্তর থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। 

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language