ভোট বড় বালাই! প্রায় আড়াই বছর রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। এতদিন সেমুখো হননি। এবার রাজ্যে ভোট এগিয়ে আসতেই রাম মন্দির যাওয়ার পরিকল্পনা করছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। আগামী ১২ নভেম্বর স্ত্রী ডিম্পল যাদব এবং পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর অযোধ্যা যাওয়ার কথা। সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মন্ত্রী তেজনারায়ণ পাণ্ডে এই সফরের কথা জানিয়েছেন। অখিলেশের এই ‘রামভক্তি’ নিয়ে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
২০২৪ সালের জানুয়ারি মাসে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর এই প্রথম মন্দির দর্শনে যাবেন অখিলেশ। ২০২৪ সালে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও অখিলেশ যাদব সেই অনুষ্ঠানে যোগ দেননি। একইভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। সেই সিদ্ধান্ত নিয়ে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে বিরোধী নেতাদের সমালোচনা করা হয়েছিল। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার কয়েক মাস আগে অখিলেশের এই অযোধ্যা সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যদিও অখিলেশের ওই রাম মন্দির সফর নিয়ে চড়া সুর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তাঁর সাফ কথা, যারা রাম মন্দির তৈরিতে বাধা দিয়েছিল, রামভক্তদের উপর লাঠি চালিয়েছিল, তাঁরা যদি অযোধ্যায় রাম মন্দিরে যেতে চান, তাহলে ক্ষমা চাইতে যেতে হবে। শনিবার অযোধ্যায় দীপোৎসবে দাঁড়িয়ে অখিলেশকে উদ্দেশ্য করে যোগী বলেন, “যারা একসময় অযোধ্যাকে রক্তাক্ত করেছিল, আজ তাঁদেরও অযোধ্যার কথা মনে পড়ছে। ওরা আসুক অযোধ্যায়, কিন্তু আগে ওদের রামভক্তদের কাছে ক্ষমা চাইতে হবে। যে সব সাধুসন্তদের ওরা রক্তাক্ত করেছে, তাঁদের কাছে ক্ষমা চাইতে হবে।” যোগীর কটাক্ষ, “ভগবান রাম বড় দয়ালু। তিনি সবাইকে ক্ষমা করে দেন। ঈশ্বর ক্ষমতার ঔদ্ধত্য ভুলিয়ে দিতে বেশি সময় নেন না।”
আসলে এবার উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলশ প্রথাগত যাদব-মুসলিম ভোটের বাইরে বেরিয়ে ব্রাহ্মণ ও দলিতদের মধ্যে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। সেজন্যই তাঁর অযোধ্যা সফরের পরিকল্পনা। সেই সফরের আগে নয়ের দশকে মুলায়ম সিং যাদবের আমলে কীভাবে করসেবকদের উপর নৃশংস অত্যাচার চালিয়েছিল পুলিশ, সেটা মনে করিয়ে দিতে চাইলেন যোগী।
