পালাবদলের বঙ্গে মঙ্গলবার কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবে টাঙানো হয় ৮ মণীষীর ছবি। যা ঘিরে দানা বেধেছিল বিতর্ক। বুধবার সেই সব ছবি পুরসভার দেওয়াল থেকে উধাও! আম্বেদকরের পাশ থেকে খুলে নেওয়া হল শ্যামাপ্রসাদ, সাভারকারের ছবি। যা ঘিরে কলকাতা পুরসভার অন্দরে নতুন করে চাপানউতোর। মঙ্গলবার শ্যামাপ্রসাদের ছবি নিয়ে বিরোধীদের বিতর্কের মাঝে প্রশ্ন উঠেছিল, বঙ্গে প্রশাসনিক পালাবদলের পর যাঁর জন্মদিন পালন থেকে মিউজিয়াম তৈরি। পাঠ্যবইতেও ‘ভারত কেশরী’র জীবনী ও অবদান রাখার পরিকল্পনা করেছে সরকার। সেই বিজেপি সরকারের আমলে রাজ্যের প্রশাসনিক দপ্তরে শ্যামাপ্রসাদের ছবি ঘিরে বিতর্কের মুখে পড়তেই কলকাতা পুরসভা স্পষ্ট জানাল, এই ছবিগুলি বড় করে অন্য জায়গায় রাখা হবে।
মঙ্গলবার কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে বসে ইতিহাসের বিতর্কিত চরিত্র বিনায়ক দামোদর সাভারকরের ছবি। মঙ্গলবার রাস পূর্ণিমা উপলক্ষে পুরসভায় ছুটি। আর দপ্তর ফাঁকা পেয়ে একাধিক মনীষীর ছবি বসানো হয়। প্রশ্ন ওঠে সেখানেই। নতুন সংযোজনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রানি লক্ষ্মীবাঈ, সর্দার বল্লভভাই প্যাটেল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রানাপ্রতাপ-সহ একাধিক মনীষীর পাশে কেন সাভারকরের ছবি? এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মমতা তৃণমূলের কাউন্সিলররা।
বিজেপি এরাজ্যের ক্ষমতায় আসার পর তাদের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্ব বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তার একটি অংশ হিসেবে কলকাতা পুরসভাতেও তাঁর ছবি বসানো হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু শ্যামাপ্রসাদই নয়, রানি লক্ষ্মীবাঈ-সহ আরও মনীষীর ছবিও নতুন করে টাঙানোর পরিকল্পনা ছিল পুরসভায়। তবে এই তালিকায় নিশ্চিতভাবেই ছিল না সাভারকরের মতো বিতর্কিত চরিত্র। কিন্তু মঙ্গলবার দুপুরে দেখা যায়, শ্যামাপ্রসাদ, লক্ষ্মীবাঈয়ের পাশাপাশি বিনায়ক দামোদর সাভারকরের ছবিও সযত্নে টাঙানো হয়েছে দোতলার কাউন্সিলরস ক্লাবের দেওয়ালে। কলকাতা পুরসভার এই অংশে যেমন কাউন্সিলরদের নিজেদের দপ্তর রয়েছে, তেমনই সাংবাদিক বৈঠকেরও জায়গা। এখানে সাভারকরের ছবি বসানোয় স্বভাবতই বিতর্ক তৈরি হয়েছে।
বিতর্কের মাঝে ২৪ ঘণ্টার মধ্যেই এবার সাভারকারের সঙ্গে সরে গেল শ্যামাপ্রসাদের ছবি! যা ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, কাউন্সিলর ক্লাবে কোনও মণীষী বা বিশিষ্ট ব্যক্তিত্বদের ছবি এতদিন ছিল না। পুরসভার পুরসচিবের তরফে জানানো হয়েছে, ছবিগুলি বড় করে বা অন্য জায়গায় লাগানো হবে। এখন প্রশ্ন উঠছে, তাহলে অপরিকল্পিতভাবে ছবিগুলি লাগানো হল কেন? প্রসঙ্গত, গতকালই দু’বার ছবির স্থান পরিবর্তন করে টাঙানো হয়েছিল। বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডের নেতত্বে এই বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুরসভার আধিকারিকদের মধ্যেই। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি বিধায়ক সজল ঘোষ দাবি করেন, “এ নিয়ে বিতর্কের কোনও জায়গাই নেই। ছবিগুলি পুরোপুরি সরানো হচ্ছে না। নতুন করে পুরসভার নতুন জায়গায় বসানো হবে।” এ নিয়ে মমতাপন্থী তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, ” আমরা গতকালই দাবি করেছিলাম, সুভাষ চন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো মণীষীদের ছবির পাশে হিন্দুত্ববাদী ব্যক্তিত্বদের ছবি বসানোর বিরোধী ছিলাম। সাভারকারের সঙ্গে কলকাতা পুরসভার তো কোনও সম্পর্ক নেই। কলকাতা পুরসভার সঙ্গে নানা সময়ে এত বিখ্যাত ব্যক্তিরা যুক্ত ছিলেন, সেখানে সাভারকরের স্থান কোথায়? তার ইতিহাস তো মুচলেকার ইতিহাস। ব্রিটিশদের হাত থেকে বাঁচতে মুচলেকা দিয়ে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তার ছবি কেন থাকবে পুরসভায়?” যদিও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি নিয়ে কোনও আপত্তি প্রকাশ করতে শোনা যায়নি তাঁকে। আসন্ন পুরভোটের আগে ছবি ঘিরে নতুন করে পারদ চড়ছে।
