মমতার জমানায় উপেক্ষিত হয়েছে নবদ্বীপ। দেশি ও বিদেশি মদের দোকান ছাড়া চৈতন্যভূম কিছু পায়নি! পূণ্যভূমিতে দাঁড়িয়ে প্রাচীন শহরের সার্বিক উন্নয়নের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাসের উদ্বোধনে নবদ্বীপে অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টারের কাজে ২ কোটি। গোশালার জন্য ১ কোটি টাকা বরাদ্দ করলেন। সঙ্গে পরিকাঠামো উন্নয়ন, ঘাট নির্মাণ, লঞ্চ সার্ভিস চালুর কথা জানালেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, ঘাট সংস্কার হলে লঞ্চ পরিষেবা চালু হলে তিনি তা উদ্বোধন করতে আসবেন।
রবিবার সকালে রাসের উদ্বোধনে নবদ্বীপে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু। শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মন্দিরে যান তিনি। পুজো দেন। নবদ্বীপ মুক্তি সূর্য ক্লাবের ভারত মাতা পুজোরও উদ্বোধন করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি নবদ্বীপের পরিকাঠামো উন্নয়ন, ঘাট নির্মাণ, লঞ্চ সার্ভিস চালু এবং ধর্মীয় ও গবেষণামূলক খাতে বরাদ্দ ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রভু শ্রীচৈতন্যদেবের উপর তৈরি হওয়া একটি অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টারের কাজের জন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হল। এছাড়া নবদ্বীপে গোশালা সম্প্রসারণের জন্য ১ কোটি টাকা দেওয়ার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘোষণাগুলো ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়িত হবে।
শুধু গবেষণা বা গোশালা খাতে বরাদ্দ নয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভেঙে যাওয়া ঘাট সংস্কার করা হবে। সেচ দপ্তরের মাধ্যমে ঘাটটি সম্পূর্ণ ও সুন্দরভাবে তৈরি হবে। একটি সেতু নির্মাণের কথাও জানিয়েছেন। ডিপিআর ও অন্যান্য কাজে যতদিন সময় লাগবে ততদিন লঞ্চ চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দু’মাসের মধ্যে ঘাট সংস্কার ও লঞ্চ সার্ভিস চালু করা হবে।ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে তিনি সেটির উদ্বোধনে ফের নবদ্বীপ যাবেন বলে জানিয়েছেন। গুরুকুল এবং সংস্কৃত টোল চালুর প্রস্তাব দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “গত সরকার একটি দেশি মদের দোকান ও আটটি বিদেশি মদের দোকান ছাড়া আর কিছু করেনি। পরিকাঠামো উন্নয়ন এবং সরকারি স্তরে দৃষ্টিপাত হয়নি। একটা ঘাট তৈরি করেছিল শুনলাম সেটাও চলে না, ভাঙা ঘাট। এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যতক্ষণ না স্থায়ী ব্রিজ তৈরি হচ্ছে ততদিন এখানে সুসজ্জিত আধুনিক লঞ্চ যাতায়াত করবে।”
