Hashtagintro

মর্নিং ওয়াকের সময় রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন ধনকড়! ভর্তি এইমসে, এখন কেমন আছেন?

মাত্র চার মাস আগেই জটিল অস্ত্রোপচার হয়েছিল। এবার আচমকাই মাথা ঘুরে পড়ে গেলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। জানা গিয়েছে, বুধবার সকালে প্রত্যেকদিনের অভ্যাসমত প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। হঠাৎই অসুস্থ বোধ করেন। মাথা ঘুরে পড়ে যান, জ্ঞানও হারান প্রাক্তন উপরাষ্ট্রপতি। তাঁর শারীরিক অবস্থা ঘিরে আশঙ্কা ছড়িয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, প্রতিদিনের মতোই বুধবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন ধনকড়। হাঁটার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। প্রাক্তন উপরাষ্ট্রপতিকে ওই অবস্থায় দেখে কোনওমতে তাঁকে পুলিশের গাড়িতে তুলে দেন উপস্থিত নিরাপত্তারক্ষীরা। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লি এইমসে। আপাতত তাঁকে ভর্তি রাখা হয়েছে কার্ডিও-নিউরো সেন্টারে। ধনকড়ের বিভিন্ন শারীরিক পরীক্ষা করানো হয়েছে। কিন্তু এখন তাঁর অবস্থা কেমন, কী সমস্যা হয়েছে সেই নিয়ে কিছুই জানা যায়নি। এইমসের তরফ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি ধনকড়ের স্বাস্থ্য নিয়ে।

৭৫ বছর বয়সি ধনকড়ের স্বাস্থ্য নিয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই উদ্বেগ রয়েছে। গত জুলাই মাসে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হয়ে সেখানে পরীক্ষা-নিরীক্ষার জানা যায় তাঁর শারীরিক অবস্থা গুরুতর। দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করা প্রয়োজন। সেই মতো ধনকড়ের অস্ত্রোপচার করানো হয়। সেসময় দেখা করতে হাসপাতালে ছুটে গিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ শীর্ষ রাজনৈতিক নেতারা। সেই ঘটনার মাত্র চারমাসের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন জগদীপ ধনকড়। এরপর দেশের উপরাষ্ট্রপতি পদে তাঁকে নিয়োগ করা হয়। ২০২৫ সালের ২১ জুলাই গোটা দেশকে অবাক করে এই পদ থেকে ইস্তফা দেন তিনি। ধনকড়ের হঠাৎ এই ইস্তফায় সাড়া পড়ে গিয়েছিল গোটা দেশে। বিষয়টি সরব হন দেশের বিরোধীরাও। যদিও ধনকড় স্পষ্ট করে দেন তিনি অসুস্থতার কারণেই এই পদ ছেড়েছেন। 

 

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language