Hashtagintro

মহারাজের পর প্রস্তুতি তুঙ্গে যুবরাজের বায়োপিকের! ভূমিকায় কে? মুখ খুললেন যুবি

তিনি যুবরাজ সিং। মাঠে যেমন তাঁর ছয় ছক্কার কৃতিত্ব রয়েছে, তেমনই মাঠের বাইরে তিনি ক্যানসারজয়ী যোদ্ধা। তাঁর জীবনের গল্প দেখার জন্য অধীর আগ্রহে দেশের ক্রিকেটভক্তরা। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক হয়েছে। আগামী বছর মুক্তি পাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। কিন্তু ঘোষণা হওয়া সত্ত্বেও যুবরাজের বায়োপিক নিয়ে উচ্চবাচ্য নেই। অবশেষে মুখ খুললেন যুবিই। কবে শুটিং শুরু, সেটা জানিয়ে দিলেন বিশ্বজয়ী ক্রিকেটার।

দুটো বিশ্বকাপ জয়ের সাফল্য যুবরাজের সঙ্গে জড়িয়ে রয়েছে। বছর দুয়েক আগেই ঘোষিত হয়েছিল, রুপোলি পর্দায় আসতে চলেছে ভারতের প্রাক্তন ক্রিকেটারের বায়োপিক। সিনেমাটি প্রযোজনা করবেন ভূষণ কুমার ও রবি ভাগচন্দোকা। কিন্তু তারপর আর সেরকম চর্চা হয়নি। এবার যুবি নিজেই বললেন, “গত ৬ মাস ধরে স্ক্রিপ্ট লেখা চলছে। ৯-১২ মাসের মধ্যে স্ক্রিপ্ট তৈরি হওয়ার কথা। যদি আমার দল ঠিকঠাক কাজ করে, তাহলে আগামী বছর সিনেমার শুটিং শুরু হয়ে যাবে।” তবে মুখ্য ভূমিকায় কে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

আগামী বছর মুক্তি পাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’। তার প্রস্তুতি তুঙ্গে। যুবরাজের সিনেমাটির নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে নিজের বায়োপিক নিয়ে বেশ উত্তেজিত তিনি। বলছেন, “আমি চাই, মানুষের জীবন আরও সুন্দর হোক। যদি সমাজ আমাকে সেই সুযোগ দেয়, তাহলে আমি মানুষের জন্য কিছু করতে চাই। বিশেষ করে বড় পর্দার একটা আলাদা মজা আছে। আমি দেখেছি, বীরু (বীরেন্দ্র শেহওয়াগ) নিজের শো সঞ্চালনা করছে। সবাই নিজের মতো করে কাজ করছে। আমিও নিজের কাজ নিয়ে আগ্রহী।” সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ হয়েছেন যুবরাজ। যেখানে হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়।

সোশাল মিডিয়ায় টি-সিরিজের তরফ থেকে যে পোস্টটি করা হয়েছিল, তাতে ‘সিক্স সিক্সেজ’ হ্যাশট্যাগ দেখা যায়। ফলে অনেক ভক্তের ধারণা এটাই সিনেমার নাম হতে পারে। আসলে ক্রিকেটভক্তরা কোনওদিন ভুলতে পারবেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে মারা ছয় ছক্কার স্মৃতি। ২০০৭-র সেই বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে, তাঁকে সেরা ছন্দে দেখা গিয়েছিল ২০১১-র ওয়ানডে বিশ্বকাপে। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অনবদ্য পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরাও হন তিনি। তখন কে জানত, তাঁর শরীরে বাসা বেঁধে রয়েছে মারণরোগ ক্যানসার। তার উপসর্গ উপেক্ষা করেই ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। সব মিলিয়ে যুবরাজের জার্নি অনুপ্রেরণা জোগায় বহু মানুষকে। এবার রুপোলি পর্দায় আসতে চলেছে তাঁর সেই লড়াইয়ের কাহিনি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language