Hashtagintro

মাঝপথে খেলা থামিয়ে মাঠে স্কুটার নিয়ে বৃদ্ধ! অবাক ভারতীয় ক্রিকেটারেরাও, তারপর…

খেলা থমকে গেল এক অদ্ভুত কারণে। উইকেটের সামনে দিয়ে স্কুটার চালিয়ে চলে গেলেন এক বৃদ্ধ! তাঁকে দেখে প্রথমে হতবাক হয়ে যান ক্রিকেটারেরা। ঘটনাটি ভারত ‘এ’ এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যে দ্বিতীয় বেসরকারি টেস্টের। দ্বিতীয় দিনের শেষে ভারতের ৩৪৬ রানের জবাবে নিউজিল্যান্ড ৩ উইকেটে ২১৮। ধ্রুব জুরেল করেন অধিনায়কোচিত ১০৫ রান।

হ্যাগলি ওভালে প্রথম দিনের খেলা তখন শেষ দিকে। পড়ন্ত বেলায় ৮৩তম ওভার শুরু করার প্রস্তুতি নিচ্ছেন নিউজিল্যান্ড ‘এ’ দলের পেসার ব্রেট র‌্যান্ডেল। বল করার জন্য দৌড় শুরু করতে যাবেন। এমন সময় তাঁকে থামতে বলেন আকাশ দীপ। তখন ৯৬ রানে ব্যাট করছিলেন জুরেল। আকাশ দীপ অপরাজিত ১১ রানে। দেখা যায়, মাঠের মধ্যে দিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছেন এক বৃদ্ধ! সাইটস্ক্রিনের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে তাঁর স্কুটার। কেন তাঁকে থামতে বলা হল, প্রথমে বুঝতে পারেননি র‌্যান্ডেল। পিছন ফিরে তাকাতেই পরিষ্কার হয়ে যায় বিষয়টি। মাঠের মধ্যে স্কুটার নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এক বৃদ্ধ। খেলা হচ্ছে কি হচ্ছে না, সেদিকে ভ্রূক্ষেপও ছিল না তাঁর। সম্ভবত দিনের শেষ কয়েক ওভার খেলা দেখার জন্য পছন্দসই জায়গার খোঁজেই তাঁর এই অভিযান।

বৃদ্ধ নিরাপদে মাঠ পার না হওয়া পর্যন্ত বোলারকে অপেক্ষা করতে বলেন আকাশ। কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। ভারতীয় ক্রিকেটারেরা অবশ্য বিষয়টি বেশ উপভোগ করেন। ধারাভাষ্যকারেরাও হাসি চাপতে পারেননি। মজার ছলে ওই বৃদ্ধকে খেলা দেখার অন্যতম সেরা জায়গা খুঁজে নেওয়ার জন্য অভিনন্দন জানান তাঁরা। হ্যাগলি ওভালের সৌন্দর্যই এমন। মাঠের চারপাশে বিস্তীর্ণ সবুজ ঘাসের জমি। সেখানে বসে খেলা দেখার সুযোগ রয়েছে দর্শকদের। কিন্তু খেলা চলাকালীন মাঠের মধ্যে স্কুটার নিয়ে কোনও দর্শকের এভাবে হাজির হওয়া যে ক্রিকেটারদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। ক্রিকেটের ইতিহাসে এমন বিরল দৃশ্য যে সহজে ভোলার নয়!

উল্লেখ্য, জুরেলের সেঞ্চুরি এবং আকাশের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৪৬ রানে শেষ হয় ভারত ‘এ’-র প্রথম ইনিংস। শনিবার দিনের শেষে ৯৯ রানে অপরাজিত থাকা জুরেল রবিবার সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তাঁর সংগ্রহ ১০৫ রান। আকাশও ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মহম্মদ সিরাজ কোনও রান করতে পারেননি। মুকেশ কুমার অপরাজিত থাকেন ৫ রানে। নিউজিল্যান্ড ‘এ’-র হয়ে ফ্রেসার শিট ৬৩ রানে ৪ উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ১৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কিউয়িরা। তবে ম্যাথুউ বয়েল এবং ডিন ফক্সক্রফটের দাপুটে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। দিনের শেষে বয়েল ১০৭ এবং ফক্সক্রফট ৮০ রানে অপরাজিত। চতুর্থ উইকেটে ইতিমধ্যেই উঠেছে ২০৫ রান। ভারতের হয়ে মুকেশ ৪৪ রানে ২টি এবং সিরাজ ৪৯ রানে ১টি উইকেট নিয়েছেন। তবে মাঠে স্কুটার নিয়ে বৃদ্ধর ঢুকে পড়ার ঘটনা নিয়েও চর্চা তুঙ্গে।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language