বিয়ে হচ্ছে না! বলেন কী মশাই? ম্যাট্রিমনি সাইট থেকে ঘটক, সব ট্রাই করা হয়ে গিয়েছে? তারপরেও মেলেনি পাত্রী? চিন্তার বিষয় বইকি! বেশি চিন্তায় অবশ্য অভিভাবকরা। বয়স তো আর থেমে নেই। বলি কী, আপনি মছলন্দপুরের সুন্দরেশ্বর মন্দিরের নাম শুনেছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের সুন্দরেশ্বর শিব মন্দিরের কথাই হচ্ছে। রিলস আর ভ্লগের দৌলতে মন্দিরের খ্যাতি তো এখন তুঙ্গে মশাই। দাবি, এখানে এলে নাকি ৯০ দিনের মধ্যেই সেরে ফেলা যায় বিয়ের পর্ব। আরে, আরে চটছেন কেন? একেবারেই ইয়ার্কি নয়। পুরো বিষয়টা আগে পড়েই দেখুন।

ব্যাপারটা ঠিক কী?
সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু ভিডিও। ভিডিওতে দাবি করা হচ্ছে, মন্দিরে ‘বিবাহবন্ধন’ প্রক্রিয়া করলেই নাকি তিনমাসের মধ্যে বিয়ে হবে। বিশ্বাস অনুযায়ী, বাবা সুন্দরেশ্বরকে স্নান করিয়ে জড়িয়ে দিতে হয় লাল সুতো। তৈরি হয় বিবাহবন্ধন। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে সম্প্রতি এমনই নানা দাবির ছড়াছড়ি। কেউ বলছেন, মানত ফলছে হাতেনাতে। আবার কেউ বলছেন, সবটাই নেহাত কাকতালীয়। তবে, এই মন্দির ঘিরে শুধু বিয়ের জল্পনা নয়, জুড়ে রয়েছে নানা লোককথাও।

স্থানীয়দের একাংশের বিশ্বাস, চাঁদ সওদাগরের বংশপরম্পরার যোগ রয়েছে এই মন্দিরের সঙ্গে। এমনকী, মন্দিরে নাকি স্বয়ং সুন্দরেশ্বর বাবার ভর হয় বলেও কথিত আছে। লোককথা আর জনশ্রুতির মিশেলে তৈরি হয়েছে মন্দিরকে ঘিরে এক অদ্ভুত বিশ্বাস। আর সেই বিশ্বাসে ভর করেই বিয়ের মানত দিতে ভিড় বাড়ছে মন্দিরে। বাংলার গ্রামগঞ্জে এমন বহু প্রাচীন শিব মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরের সঙ্গেই জড়িয়ে থাকে নিজস্ব মাহাত্ম্য ও লোকবিশ্বাস। মছলন্দপুরের সুন্দরেশ্বর মন্দিরও তার ব্যতিক্রম নয়।
