Hashtagintro

মাদ্রাসার দুই পড়ুয়াকে যৌন নির্যাতন ছেলেদের, সব জেনেও চুপ! গ্রেপ্তার খারিজি মাদ্রাসার মালিক দম্পতি

খারিজি মাদ্রাসায় দুই নাবালক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে পাঁচ নাবালককে আটক করে হোমে পাঠাল পুলিশ। পাশাপাশি, ঘটনা জানার পরও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার অভিযোগে মাদ্রাসার মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকার একটি খারিজি মাদ্রাসায় ঘটনাটি ঘটে। ঘটনার বীভৎসতা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলে এক নির্যাতিত নাবালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পাঁচ নাবালককে আটক করে হোমে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, মাসখানেক আগে সাগরপাড়া থানা এলাকার বছর দশেকের এক নাবালক ওই মাদ্রাসায় ভর্তি হয়। সেখানে মালিক দম্পতির দুই নাবালক ছেলে-সহ আরও তিন পড়ুয়ার বিরুদ্ধে তাকে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি কাউকে জানালে ভয় দেখানো এবং মারধরের অভিযোগও রয়েছে। সম্প্রতি অত্যাচারের কথা মাকে জানায় ওই ছাত্র।

এরপর এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী অর্পিতা হালদারের সহযোগিতায় নাবালকের মা মঙ্গলবার মাদ্রাসায় গিয়ে বিষয়টি জানান। অভিযোগ, সেখানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। পরে থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে নামে। তদন্তে পুলিশ আরও এক নাবালকের উপর দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ জানতে পারে। দুই ছাত্রের উপর নির্যাতনের বিষয়টি জানার পরও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগে মাদ্রাসা মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় জেলাজুড়ে সমালোচনা হচ্ছে। খারিজি মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে। জলঙ্গির বিধায়ক বাবর আলী ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জেলা ইমাম সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর খান বলেন, “অভিযোগ গুরুতর, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে একটি ঘটনার জন্য খারিজি মাদ্রাসা তুলে দেওয়ার দাবি সমর্থনযোগ্য নয়।” বিজেপি নেতা নবকুমার সরকারও ঘটনার নিন্দা করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language