মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের পাশে পেতে বিপুল টাকা খরচ করেছে নরেন্দ্র মোদির সরকার। সম্প্রতি এমনই দাবি করা হয়েছে মার্কিন লবিং সংস্থাগুলির রিপোর্টে। সর্বভারতীয় একটি সংবাদপত্রে সেই বিস্ফোরক রিপোর্ট প্রকাশিতও হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুলল বিদেশমন্ত্রক। ‘ফ্যাক্ট চেক’ করে তারা জানিয়ে দিয়েছে, এই রিপোর্ট সম্পূর্ণ বিভ্রান্তিকর।
শনিবার এক্স হ্যান্ডলে একটি বিবৃতিতে বিদেশমন্ত্রক লিখেছে, ‘এই রিপোর্টটি বিভ্রান্তিকর। আমেরিকার বিভিন্ন দূতাবাস এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য লবিং সংস্থা নিয়োগ করা একটি স্বাভাবিক রীতি। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস ১৯৪৮ সাল থেকেই এ ধরনের সংস্থাকে নিয়োগ করে আসছে। এটি অজানা কিছু নয়।’
ওই রিপোর্টে দাবি করা হয়েছে, মার্কিন কর্তাদের পাশে টানতে জলের মতো টাকা ঢেলেছে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস। ট্রাম্প-ঘনিষ্ঠ জেসন মিলারের সংস্থা ‘এসএইচডব্লিউ পার্টনার্স’-কে মাসে দেড় লক্ষ ডলার এবং ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ নামে অপর এক সংস্থাকে মাসে ৭৫ হাজার ডলার দিয়ে ‘ভাড়া’ করেছিল ভারত। অর্থাৎ, ‘লবিং’ করাতে প্রতি মাসে স্রেফ ফি বাবদ ভারতীয় করদাতাদের প্রায় দু’কোটি টাকা খরচ করা হয়েছে। বিনিময়ে মে এবং জুন মাসে তারা নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে ৮টি উচ্চ-পর্যায়ের ফোন কলের ব্যবস্থা করেছিল।
আমেরিকার ‘ফরেইন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’ (এফএআরএ)-এর কাছে জমা দেওয়া নথিতে ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’-এর দাবি, গত জুন মাসে মোদি ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হওয়ার পর ট্রাম্প ‘এক্স’-এ যে শুভেচ্ছাবার্তা পোস্ট করেছিলেন, সেটিও আসলে এই লবিং-এরই অংশ! গোটা রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বাঁধে। এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি।
