Hashtagintro

মা দুর্গাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতেই লালবাজার সাইবার ক্রাইমে সোহিনী

শারদোৎসবের আবহে কুমোরটুলিতে প্রতিমা তৈরির ছবি তোলার নেশায় পৌঁছে যান সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। মায়ের আগমনের খুশিতে ছবি তুলে পোস্ট করেছিলেন বাঙালি অভিনেত্রী সোহিনী গুহ রায়। উজ্জ্বল হলুদ রঙের কুর্তি, কানে বেশ লম্বা দুল আর হালকা মেকআপে মাটির প্রতিমার সামনে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘মা এসে গেছে’। কমেন্ট বক্সজুড়ে আপত্তিকর মন্তব্যের বন্যা। সোহিনী সম্পর্কে অশালীন ভাষা তো ব্যবহারের পাশাপাশি মা দুর্গাকে নিয়েও অশ্লীল মন্তব্য, রসিকতা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় এহেন মন্তব্য হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে। একজন বাঙালি হিসেবে মা দুর্গার অপমানে ফুঁসে ওঠাই স্বাভাবিক। তাই সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণ করলেন অভিনেত্রী।

লালবাজার সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন সোহিনী গুহ রায়। কমেন্ট বক্সের কুরুচিকর মন্তব্য ও সাইবার সেলে অভিযোগ দায়েরের স্ক্রিন শট শেয়ার করে সোহিনী জানিয়েছেন, ‘সম্প্রতি ফেসবুকে আমার ‘মা এসে গেছে’ পোস্টকে কেন্দ্র করে আমি যে ধরনের হয়রানির শিকার হচ্ছি তা অত্যন্ত দুঃখজনক। শুধু আমাকেই নয় আমাদের আরাধ্যা দেবী মা দুর্গাকেও অসম্মানজনক মন্তব্যের করা হচ্ছে। আমি বিশ্বাস করি, সবকিছুরই একটা সীমা আছে। আর এধরনের হয়রানিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আপনাদের অনেকেই আমাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের জানাতে চাই, আমি ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। এফআইআর দায়ের করেছি। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি এবং কলকাতা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

আইনের উপর আস্থা রয়েছে সোহিনীর। সেই মর্মে আভিনেত্রীর সংযোজন, ‘ঘটনাটি সম্পর্কে আপনাদের অবগত করার জন্যই আমি এই স্ক্রিনশটগুলি শেয়ার করছি। এখন আমি আইনের উপর আস্থা রেখে অপেক্ষা করছি। আইন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি বিশ্বাস করি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি। আইনসম্মতভাবেই সঠিক প্রক্রিয়া মেনে সেই লড়াই হওয়া উচিত। কঠিন সময়ে যাঁরা আমার পাশে থেকেছেন, আমাকে সাহস জুগিয়েছেন এবং সঠিক পদক্ষেপ নিতে উৎসাহিত করেছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সমর্থন ও ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান।’

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language