টেলিপর্দার জনপ্রিয়তা পেরিয়ে ‘সাধক বামাক্ষ্যাপা’র অলৌকিক জীবনগাথা এবার প্রেক্ষাগৃহের আলো দেখার অপেক্ষায়। কথা ছিল, দীপাবলির মরশুমে মুক্তি পাবে। কিন্তু বাংলায় করমুক্ত মেগাবাজেট ‘রামায়ণ’-এর জন্য শেষমুহূর্তে রিলিজ পিছোতে হয় নির্মাতাদের। ৫ তারিখের পরিবর্তে আগামী ২০ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa)। তার প্রাক্কালেই ফাঁস হয়ে গেল সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য।
“এত মেসেজ এসেছে আমি হতচকিত হয়ে গিয়েছি। আমরা খোঁজ নিচ্ছি কোথা থেকে এমনটা ঘটল? আমরা একটা ভালো কাজ করেছি সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া উদ্দেশ্য।…”
শনিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ঘুরছে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির এক দৃশ্য। যেখানে পায়েসের বাটি হাতে মা তারার সঙ্গে ভাব বিনিময় করতে দেখা যায় ‘বামা’বেশী সব্যসাচী চৌধুরীকে। পরনে লাল অঙ্গবস্ত্র। মন্দিরের গর্ভগৃহে মায়ের সঙ্গে কথায় মগ্ন বামাক্ষ্যাপা। এহেন দৃশ্য ছড়িয়ে পড়তেই সব্যসাচীর অভিনয় দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। কিন্তু মুক্তির প্রাক্কালে কীভাবে ফাঁস হল সিনেমার দৃশ্য? কৌতূহল সর্বত্র।
এপ্রসঙ্গে সংবাদ প্রতিদিন-এর তরফে পর্দার বামাক্ষ্যাপার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি তো সকাল থেকে শুটে আছি। হুট করে দেখলাম এরকম কিছু। আমার তো সোশাল মিডিয়াও নেই। এত মেসেজ এসেছে আমি হতচকিত হয়ে গিয়েছি। আমরা খোঁজ নিচ্ছি কোথা থেকে এমনটা ঘটল? আমরা একটা ভালো কাজ করেছি সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া উদ্দেশ্য। আর দু’সপ্তাহ পরে ছবি রিলিজ, আমাদের পুরো টিম এখন সেই কাজে ব্যস্ত। যারা লিক করেছে তাদের এটুকুই বলব- এই লিকড সিন আসলে কিছুই না, যদি লিক করতেই হত এর থেকে স্ট্রং সিন রয়েছে আমাদের সিনেমাতে।” নেটভুবনের একাংশ যদিও এহেন কর্মকাণ্ডের নেপথ্যে সিনেমার প্রচারের অভিসন্ধি খুঁজে পেয়েছেন, তবে নির্মাতাদের মুখে এখনও কুলুপ!
