Hashtagintro

মুখ্যমন্ত্রিত্বের জন্য প্রার্থনা করেন মহিলারা, তাঁদের অনুরোধে কাঁকিনাড়া গঙ্গাঘাটে আরতি করবেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী হন, সেজন্য উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া গঙ্গার ঘাটে প্রার্থনা করেছিলেন এলাকার মহিলারা। সেই প্রার্থনা, মনকামনা পূরণ হলে শুভেন্দুকে ওই গঙ্গার ঘাটে আসার অনুরোধও জানানো হয়েছিল। তৃণমূলকে হারিয়ে ভোটে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু। সেই আবেদন, অনুরোধ রাখতেই এবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আগামী কাল, মঙ্গলবার শুভেন্দু অধিকারী গঙ্গার ঘাটে উপস্থিত হবেন। শুধু তাই নয়, দেব দীপাবলির সন্ধ্যায় সেই প্রার্থনার মান রাখতে সেখানে আরতিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেজন্য ওই অনুষ্ঠান ঘিরেই সাজছে ঘাট। গঙ্গার বুকে আলোর প্রদর্শনী ছাড়াও লেজার শো হবে। আতশবাজি প্রদর্শনীও থাকছে আগামিকালের সন্ধ্যায়। উপস্থিত থাকবেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

বিরোধী দলনেতা থাকাকালীন স্থানীয় মহিলাদের এই ইচ্ছের কথা শুভেন্দুকে জানিয়েছিলেন অর্জুন সিং। সেই আবেগের সাক্ষী হতে এবার মুখ্যমন্ত্রীর কাঁকিনাড়া সফর। প্রায় ৪৫ মিনিটের অনুষ্ঠানে হরিদ্বার থেকে আসা ব্রাহ্মণরা গঙ্গা আরতি করবেন। মুম্বই থেকে আসছেন লেজার শোয়ের শিল্পীরা। গঙ্গার বুকেই ফুটে উঠবে আলোর প্রদর্শনী, সঙ্গে থাকবে আতশবাজি। মুখ্যমন্ত্রী নিজেও আরতিতে অংশ নেবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। সোমবার আয়োজনের প্রস্তুতি খতিয়ে দেখতে ঘাটে যান মন্ত্রী অর্জুন সিং। সঙ্গে ছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক ও প্রশাসনের কর্তারা। নিরাপত্তা, অনুষ্ঠান পরিচালনা থেকে সামগ্রিক ব্যবস্থাপনা, সব দিকই খতিয়ে দেখা হয়। অর্জুন সিং বলেন, “এখানকার মায়েরা, দিদিরা ওঁর জন্য মা গঙ্গার কাছে প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনা ফল হয়েছে। সেই আবেগকে সম্মান জানাতেই উনি আসছেন।” এলাকার নিরাপত্তাও খতিয়ে দেখা হচ্ছে। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language