ডিসেম্বরেই চালু হবে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রো! ফলে জুড়ে যাবে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ। এই রুটের উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে সময় চাওয়া হয়েছে। সেখান থেকে তারিখ মিললেই দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে। সোমবার সাঁতরাগাছিতে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত এই রুটে মেট্রো চালু করার আবেদন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে।
বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। চিংড়িহাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রুটের কাজ দীর্ঘদিন নানা জটিলতায় থমকে ছিল। রাজ্যে পালাবদলের পর সেই কাজে গতি আসে। চিংড়িহাটা ফ্লাইওভারের কাছে কাজ সম্পূর্ণ হয়। সেখানে পরীক্ষামূলক মেট্রো চালানো হয়েছে। এখনও বাকি রয়েছে, ট্রায়াল রান ও কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা। কমিশনার অব রেলওয়ে সেফটির পরিদর্শন হবে। তারপর মিলবে ছাড়পত্র। রুটে মেট্রো চালু হলে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ মেট্রো চলবে।
উল্লেখ্য, সোমবার সাঁতরাগাছি ও রাজস্থানের জয়পুরের মধ্যে নতুন ট্রেনের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে অনুরোধ করে বলেন, ১৭ থেকে ২৩ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হবে। আগামী বছর ৮ ও ৯ জানুয়ারি কলকাতায় প্রবাসী ভারতীয়দের সম্মেলন আছে। তাছাড়া ২৭ জানুয়ারি থেকে হবে ওয়ার্ল্ড এনার্জি উইক। তার আগে এই রুটের উদ্বোধনের অনুরোধ করেছেন শুভেন্দু অধিকারী। তারপরই জানা যাচ্ছে, ডিসেম্বর মধ্যেই এই রুটের উদ্বোধন হবে।