Hashtagintro

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাফজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দিতে চায় ইস্টবেঙ্গল, চিঠি ফেডারেশনকে

সাফজয়ী ভারতীয় দলকে সংবর্ধিত করতে চেয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল ইস্টবেঙ্গল। পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে ভারতীয় দল। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল সভাপতি মুরারীমোহন লোহিয়া চিঠি পাঠান ফেডারেশনকে। সেখানে সংবর্ধনার জন্য দিনক্ষণ জানতে চাওয়া হয়।

ইস্টবেঙ্গলের তরফে বলা হয়, ভারত রেকর্ড সংখ্যক বার সাফ জিতল। আর জয়ী দলকে তারা সংবর্ধিত করতে চায়। একইসঙ্গে ফেডারেশন সভাপতিকেও তারা সংবর্ধনা দিতে চায়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ওই সংবর্ধনা অনুষ্ঠান করতে চাইছে ইস্টবেঙ্গল। মুখ্যমন্ত্রীকে দিয়েই ভারতীয় দলকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ইস্টবেঙ্গলের। যেহেতু মুখ্যমন্ত্রীকে প্রত্যেক দিনই ব্যস্ত কর্মসূচি থাকে। অনুরোধ করা হয়েছে, কবে সংবর্ধনা অনুষ্ঠানটি করা যাবে, তা যেন অন্তত ১৫ দিন আগে বলা হয়।

লাল-হলুদ ক্লাবের তরফে লেখা হয়, ‘দশম সাফ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য ভারতীয় দলকে আন্তরিক অভিনন্দন। গোটা প্রতিযোগিতায় অসাধারণ শৃঙ্খলা ও দৃঢ়তা দেখিয়েছে দল। এই জয়ের নেপথ্যে থাকা ফুটবলার ও কোচিং স্টাফদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে ইস্টবেঙ্গল ক্লাব ভারতীয় দলকে সংবর্ধনা দিতে চায়। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই সম্মাননা প্রদান করার জন্য অনুরোধ করছে ক্লাব। তাঁর ব্যস্ত কর্মসূচির কথা বিবেচনা করে অনুষ্ঠানের অন্তত ১৫ দিন আগে আমাদের জানান। যাতে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করতে পারি। আগামী প্রতিযোগিতার জন্য ভারতীয় দলের সাফল্য কামনা করছি।”

উল্লেখ্য, যে দিনটায় বাংলাদেশের বুকে সাফ ফাইনালে খেলতে নেমেছিল ভারত, ঠিক সেই দিনটাতেই ভারতীয় দল ফিফার ক্রমপর্যায়ে তিন ধাপ পিছিয়ে ১৩৮ থেকে ১৪১ হয়ে যায়। পাকিস্তান সেখানে ফিফা ক্রমতালিকায় ১৯৭। ফলে সেভাবে তুলনা করাই যায় না। কিন্তু সাফে ভারত খেলেছে দ্বিতীয় সারির দল নিয়ে। তার উপর পাকিস্তান দলে বেশ কয়েকজন ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলার। কিন্তু স্নায়ুর যুদ্ধে জিতে শেষ মুহূর্তে বঙ্গতনয় সন্দীপ মান্ডির গোলে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ম্যাচে পিছিয়ে পড়া মেন ইন ব্লু-কে সমতায় ফিরিয়েছিলেন কাশ্মীরি ফুটবলার সুহেল ভাট। এবার সাফজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দেওয়ার ভাবনা লাল-হলুদ ক্লাবের। 

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language