মঙ্গলবারই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে অ্যাকশন মোডে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কালোবাজারি রুখতে অভিযান বাজারে। এদিন সকালে কোলে ও লেক মার্কেটে অভিযান চালান আধিকারিকরা। চিনি থেকে তেল ও অন্যান্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। কথা বলেন, সাধারণ মানুষের সঙ্গে। ব্যবসায়ীদের সঙ্গেও দাম নিয়েও কথা বলেন।
সবজি-আনাজপাতি থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। সব থেকে বেশি বেড়েছে চিনি ও সরষের তেলের দাম। এই পরিস্থিতিতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ী মহলকে নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ-প্রশাসনকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। তারপরই এদিন শহরের বাজারগুলি ঘুরে দেখলেন ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।
বাজারে সব থেকে বেশি বেড়েছে চিনি ও সরষের তেলের দাম। গত এক সপ্তাহে কীভাবে লাফিয়ে সরষের তেলের দাম ১৭০ টাকা থেকে বেড়ে ২২০ টাকার বেশি হয়ে গেল, তা ব্যবসায়ীদের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। একই অবস্থা চিনির ক্ষেত্রেও হয়েছে। পুজোর সময় যে চিনির দাম ৫৫ টাকায় বাঁধা হয়েছিল, তাও ফের ৬৮-৭০ টাকায় বিকোচ্ছে খুচরো বাজারে। দাম কমার পর কী কারণে ফের তা বাড়ল মুখ্যমন্ত্রী ব্যবসায়ী সংগঠনগুলির কাছে জানতে চান। পাশাপাশি পরিষ্কার জানিয়ে দেন, তিনদিনের মধ্যে দাম না কমলে রাজ্য সরকার কড়া অবস্থান নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরই আজ অ্যাকশনে নামলেন আধিকারিকরা।
