Hashtagintro

মুসলিম বাড়িতে লক্ষ্মীপুজো! ৩৫ বছর ধরে নিষ্ঠাভরে পুজো করছেন কর্নাটকের কুতবুদ্দিন

সর্ব-ধর্ম সমন্বয় তথা সাম্প্রদায়িক সম্প্রীতি-রক্ষার এক অনন্য ছবি দেখা গেল কর্নাটকে (Karnataka)। জাক্কালি গ্রামের বাসিন্দা কুতবুদ্দিন গদাদ, তিন দশকেরও বেশি সময় ধরে দীপাবলীর দিন, নিষ্ঠাভরে লক্ষ্মীপুজো করে আসছেন। আরও স্পষ্ট করে বললে, প্রায় ৩৫ বছর ধরে। এ বছরও এর অন্যথা হয়নি।

গ্রামের বাস স্ট্যান্ডের অনতিদূরে কুতবুদ্দিনের ছোট্ট দোকান। চাকা সারানো, চাকায় হাওয়া ভরার কাজ হয় সেখানে। সেই কুতবুদ্দিন প্রতি বছর আলোর উৎসবে, নিজের বাড়ি সাজান রঙবেরঙের আলো দিয়ে। বাঁধেন ফেস্টুন, জ্বালান প্রদীপ। বাড়ির পাশাপাশি আলোর মালায় সাজানো হয় তাঁর দোকানও। কারণ পুজো হয় সেখানেই। হ্যাঁ, কুতবুদ্দিন তাঁর দোকানেই প্রতি বছর দীপাবলী অমাবস্যায় লক্ষ্মীমূর্তি আনেন। তার পর নিষ্ঠাভরে তার পুজো করেন। পারম্পরিক, স্থানীয় মিষ্টি যেমন হোলিজে, কারিগাদাবুর ‘ভোগ’ অর্পণ করা হয় প্রতিমাকে। দেওয়া হয় ফলমূলও। পুজোশেষে বালিপদ্যমীর দিনে আয়োজন করা হয় মঙ্গল উৎসবের। সেদিন কুতুবুদ্দিনের পরিবার গ্রামের সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে বাড়িতে প্রীতিভোজে আমন্ত্রণ জানান। এবং গ্রামবাসীরা সেই নিমন্ত্রণ রক্ষাও করেন।

লক্ষ্মী আরাধনায় কুতবুদ্দিন নিজে তো সক্রিয়ভাবে অংশ নেনই। তবে তাঁর পাশাপাশি তাঁর স্ত্রী রজমাবি, ছেলে নজির আহমেদ, ফজল আহমেদ, কাসিম সাব, মেয়ে সফর বেগম এবং পুত্রবধূ নায়িম নাজিয়া, ফরিনা বানু এবং তাসমিনাও সানন্দে যোগ দেন। হাতে হাতে কাজ করেন। কুতবুদ্দিনের দাবি, “লক্ষ্মীপুজো করে মনে অদ্ভুত শান্তি পাই। এই গ্রামে এতদিন আমরা আছি, সকলে ভাইয়ের মতো হয়ে গিয়েছি। সাম্প্রদায়িক সম্পীতির এই ধারা আগামিদিনেও বজায় রাখব আমরা।”

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language