মোদির মুখে ‘ক্রিকেট কূটনীতি’! প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে ভারতে এসেছেন নেপালের বলেন শাহ (Nepal PM India Visit)। সোমবার দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিলেন, সবরকম ভাবে নেপালের পাশে থাকবেন। সেখানে উঠে এল ক্রিকেটের কথাও। মোদি আশ্বাস দিলেন, পড়শি দেশের ক্রিকেট পরিকাঠামো উন্নয়নে ভারত সবরকম পাশে থাকবে। ওয়াকিবহাল মহল যাকে মোদির ‘ক্রিকেট কূটনীতি’ বলে মনে করছেন।
নেপাল এখনও আইসিসি’র সহকারী দেশ। বিশ্ব ক্রিকেটে র্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে। বড় দলগুলোর সঙ্গে দৌড়ে অনেকটাই পিছনে। সম্প্রতি যুব এশিয়া কাপে ভারতের মুখোমুখি হয়েছিল নেপাল। কিন্তু সেখানে পড়শি দেশকে মাত্র ২৬ রানে অলআউট করেছিল টিম ইন্ডিয়া। এর মধ্যে মোদি আশ্বাস দিলেন, নেপালের ক্রিকেট উন্নতিতে সবরকম ভাবে সাহায্য করতে তৈরি। তিনি বলেন, “খেলাধুলো, বিশেষ করে ক্রিকেটে নিয়ে আমরা নেপালে পরিকাঠামোর উন্নতি ও খেলোয়াড়দের গুণমান বাড়াতে সাহায্য করব।” ‘বিকশিত ভারত’ ও ‘সমুন্নত নেপালে’র একসঙ্গে চলার বার্তা দিলেন তিনি।
অতীতে ইংল্যান্ড বা নিউজিল্যান্ডে গিয়েও ভারতের প্রধানমন্ত্রী ক্রীড়া সংযোগের বার্তা দিয়েছিলেন। এবার নেপালের উন্নতিতেও বার্তা দিলেন। ওয়াকিবহাল মহলের মতে, নেপালে ক্রিকেট নিয়ে যুবসমাজের আগ্রহ ক্রমশ বাড়ছে। নেপাল প্রিমিয়ার লিগে বহু তারকা বিদেশি ক্রিকেটার খেলতে আসেন। তাই নেপালে ভারতের ‘ক্রিকেট কূটনীতি’র বিস্তার মানে যুবসমাজের জন্য বার্তা বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, অতীতে বাংলাদেশকে সহযোগী দেশ থেকে পূর্ণ সদস্যের দেশ করার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা ছিল ভারতেরই। এবার কি নেপালের ক্ষেত্রেও সেই পদক্ষেপ নেবে ভারত?
রবিবার দু’দিনের সফরে দিল্লিতে এসেছেন বলেন্দ্র। বৈঠকশেষে বক্তব্য রাখার সময় মোদি আরও বলেন, নেপাল ও ভারত স্রেফ প্রতিবেশী নয়। বরং দুই দেশের মধ্যে রয়েছে নিবিড় বিশ্বাসের সম্পর্ক। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমরা আমাদের আনন্দগুলি ভাগ করে নিই। আবার চ্যালেঞ্জগুলিও ভাগ করি। একে অপরের প্রগতির অংশীদার আমরা। কঠিন সময়েও পরস্পরের পাশে থাকি।”
