Hashtagintro

যানজটে নাকাল দার্জিলিং, শিলিগুড়ি থেকে পাহাড় চড়তে ৬-৭ ঘণ্টা! মুশকিল আসানে শৈলশহরে কলকাতা পুলিশ

তীব্র যানজটে জেরবার শৈল শহর। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে তিন ঘণ্টার বেশি সময় লাগার কথা নয়। কিন্তু পর্যটনের মরশুমে সময় লেগে যাচ্ছে ছয়-সাত ঘণ্টা! এর ফলে পর্যটক থেকে সাধারণ মানুষ প্রত্যেককে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাড়ছে ক্ষোভ। এবার সমস্যা সমাধানে কলকাতা ট্রাফিক পুলিশের সাহায্য নিচ্ছে দার্জিলিং জেলা পুলিশ। কলকাতা পুলিশের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার থেকে চার দিনের সমীক্ষার কাজ শুরু করেছে। এরপরেই দলটি দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা ও জোরবাংলোর যানজটপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করবে। গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যানজট কমানো, পার্কিং সমস্যার সমাধান এবং সড়ক নিরাপত্তা উন্নয়নের জন্য দলটি বিভিন্ন পদক্ষেপের সুপারিশ করবে। দার্জিলিং পুলিশের অনুরোধের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের এই দলে রয়েছেন একজন ডেপুটি কমিশনার, তিনজন ইন্সপেক্টর এবং একজন সার্জেন্ট। চার দিন ধরে দার্জিলিং জেলায় থেকে সেখানকার ট্রাফিক ব্যবস্থা তাঁরা পর্যালোচনা করবেন বলে জানা গিয়েছে।

দার্জিলিংয়ের এক পুলিশ কর্মকর্তার মতে, এই মূল্যায়নের মূল লক্ষ্য হল যানজটের স্থানগুলিকে চিহ্নিত করা, পার্কিংয়ের সুবিধা ও তার ব্যবহার পর্যালোচনা করা।

এই প্রসঙ্গে দার্জিলিংয়ের পুলিশ সুপার ওয়াই শ্রীকান্ত জগন্নাথরাও জানান, শৈল শহরের ট্রাফিক সমস্যার পর্যালোচনা এবং সমাধানের উপায় খুঁজে বের করতে কলকাতা পুলিশের সাহায্য চাওয়া হয়েছিল। সেই অনুরোধে পাঁচ সদস্যের দল পাঠানো হয়েছে। তাঁদের পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। অন্যদিকে প্রশাসনের এক কর্তার দাবি, গত মে মাসে শিলিগুড়ি থেকে সড়কপথে দার্জিলিং পৌঁছতে প্রায় আট ঘণ্টা সময় লেগেছিল পর্যটকদের। শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত প্রায় দু’ঘণ্টায় পৌঁছনো গেলেও কার্শিয়াংয়ের পর যানজটের কারণে বাকি পথ যেতে প্রায় ছয় ঘণ্টা সময় লেগেছে। বিভিন্ন সময় প্রশাসনের সমীক্ষায় জানা গিয়েছে, কার্শিয়াং ও দার্জিলিংয়ের মধ্যে যানজটের অন্যতম প্রধান কারণ বিকল্প রাস্তার অভাব। এই দুই এলাকার মধ্যে মূলত ‘হিল কার্ট রোড’ অর্থাৎ ১১০ নম্বর জাতীয় সড়কের উপরে বিপুল গাড়ির চাপ পড়ে। 

অন্যদিকে, শিলিগুড়ি ও কার্শিয়াংয়ের মধ্যে হিল কার্ট রোডের পাশাপাশি রোহিণী রোড এবং পাঙ্খাবাড়ি রোড—এই তিনটি রাস্তা রয়েছে। ফলে শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত যান চলাচলে তুলনামূলকভাবে সমস্যা কম। মূলত ঘুমের পর থেকে তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে। ঘুম থেকে দার্জিলিং পৌঁছাতে তিন ঘণ্টারও বেশি সময় লাগছে। অথচ লাগার কথা ১৫-২০ মিনিট। বৃহস্পতিবার কলকাতা পুলিশের দলের সদস্যরা কার্শিয়ং, সোনাদা এবং দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় যান। রাস্তার প্রস্থ, গাড়ি পার্কিংয়ের সুযোগ, যানজটের কেন্দ্রস্থল, ট্রাফিক সাইনেজ এবং পথ নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখেন। জানা গিয়েছে, দলটির সমীক্ষা চারটি অঞ্চল—দার্জিলিং, কার্শিয়াং, মিরিক এবং জোরবাংলো—জুড়ে পরিচালিত হবে। প্রতিটি এলাকার ট্রাফিক সংক্রান্ত সুনির্দিষ্ট চ্যালেঞ্জগুলো দলটি খতিয়ে দেখবে।

দার্জিলিংয়ের এক পুলিশ কর্মকর্তার মতে, এই মূল্যায়নের মূল লক্ষ্য হল যানজটের স্থানগুলিকে চিহ্নিত করা, পার্কিংয়ের সুবিধা ও তার ব্যবহার পর্যালোচনা করা। এছাড়াও রাস্তার চিহ্ন ও নির্দেশকগুলো খতিয়ে দেখা এবং যান চলাচল ও সড়ক নিরাপত্তা উন্নত করার উপায় প্রস্তাব করা। দলটি এমন জায়গাগুলোও চিহ্নিত করবে, যেখানে দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যানবাহন ও পথচারীদের চলাচল সহজতর করা সম্ভব হয়। পাহাড়ি শহরগুলোতে যানজট ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো কলকাতার তুলনায় অনেকটাই ভিন্ন। একদিকে খাড়া ভূপ্রকৃতি, সরু রাস্তা, চলাচলের জন্য সীমিত জায়গা এবং অপর্যাপ্ত পার্কিং সুবিধার কারণে এখানে প্রচলিত যানজট ব্যবস্থাপনা পদ্ধতিগুলো কার্যকর করা কঠিন। পর্যটন মৌসুম বা ছুটির দিনগুলোতে বিদ্যমান সড়ক ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ পড়ে। তখন সীমিত জায়গা ও পার্কিং সুবিধার জন্য যানবাহনের মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়। দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা ট্রাফিক পুলিশের দলটি স্থানীয় পরিস্থিতি খতিয়ে দেখবে এবং এমন সব পদক্ষেপের পরামর্শ দেবে, যা পাহাড়ের ভৌগোলিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও বাস্তবসম্মত। এভাবেই পাহাড়ের যানজট মুক্ত করা সম্ভব হবে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language