Hashtagintro

‘রাঁধুনি না কাঁদুনি’ চ্যাম্পিয়ন সৌরভ-প্রেরণা, এবার কি ‘মন্টু পাইলটে’র ‘বিগ বস’ ট্রফি জেতার পালা?

খাবার আর কলকাতার সম্পর্ক চিরকালীন। স্বাদে, ঐতিহ্যে, আড্ডায় – সবেতেই বাঙালির খাদ্যপ্রেমের পরিচয় পাওয়া যায়। আর সেই রসনাতৃপ্তির সঙ্গে যদি জুড়ে যায় রান্নার জমজমাট প্রতিযোগিতা, তাহলে উত্তেজনা বেড়ে যে কয়েক গুণ হয়, তা বলাই বাহুল্য! ‘রাঁধুনি না কাঁদুনি’ সেই উত্তেজনাকেই পৌঁছে দিয়েছিল এক অন্যমাত্রায়। চূড়ান্ত পর্বে তার প্রতিযোগী জুটির কঠিন রান্নার চ্যালেঞ্জ নিয়ে একে-অপরের মুখোমুখি হয়েছিল। তবে শেষমেশ সায়ন-শ্যামৌপ্তি, ইমন-রূপাঞ্জনা এবং কাঞ্চন-শ্রীময়ীকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিলেন সৌরভ-প্রেরণা। তাঁদের হাতেই উঠল বহুকাঙ্ক্ষিত বিজয়ীর ট্রফি।

সায়ন যখন জানান, শ্যামৌপ্তিকে তিনি সবচেয়ে বেশি মিস করবেন, তখন সৌরভের মজার পালটা মন্তব্যে মুহূর্তেই হালকা হয়ে যায় পরিবেশ।

গ্র্যান্ড ফিনালে পর্ব ছিল রীতিমতো জমজমাট। একের পর এক ব্যতিক্রমী রান্নার চ্যালেঞ্জ পেরিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে পা রাখেন প্রতিযোগীরা। তবে জয় এত সহজে আসেনি! সৌরভ ও প্রেরণাকে কড়া টক্কর দেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী। শেষমেশ মাত্র আধ নম্বরের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। ফলে বিজয়ীর নাম ঘোষণার আগে পর্যন্ত উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ফিনালের শুরুতেই ফিরে দেখা হয় প্রতিযোগীদের এতদিনের সফর। সঞ্চালক অঙ্কুশ হাজরা, মেন্টর এবং সহ-প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেন শো-কে ঘিরে তাঁদের নানা স্মৃতি ও অভিজ্ঞতা। আবেগঘন সেই মুহূর্তে হাসির রসদও কম ছিল না। সায়ন যখন জানান, শ্যামৌপ্তিকে তিনি সবচেয়ে বেশি মিস করবেন, তখন সৌরভের মজার পালটা মন্তব্যে মুহূর্তেই হালকা হয়ে যায় পরিবেশ। তবে স্মৃতিচারণের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় আসল লড়াই।

‘রাঁধুনি না কাঁদুনি’ শোয়ে সেরার সেরা সৌরভ-প্রেরণা জুটি।

প্রথম চ্যালেঞ্জে চোখ বেঁধে তৈরি করতে হয় পাপড়ি চাট। স্বাদ ও রান্নার অভিজ্ঞতার উপর ভরসা করে এই চ্যালেঞ্জ সামলাতে হয় প্রতিযোগীদের। এরপর ছিল বেলুন ও লাড্ডু নিয়ে মজার খেলা। সায়ন ও শ্যামৌপ্তির সঙ্গে সমান পয়েন্টে শেষ করার পর টাইব্রেকারে বাজিমাত করেন সৌরভ-প্রেরণা। ফলে চূড়ান্ত লড়াইয়ের আগেই খানিক এগিয়ে যান তাঁরা। প্রতিযোগীদের রান্নার দক্ষতার চূড়ান্ত পরীক্ষা নিতে বেছে নেওয়া হয় কলকাতার অন্যতম জনপ্রিয় পদ- মাটন বিরিয়ানি। তবে এই চ্যালেঞ্জেও ছিল টুইস্ট। বিরিয়ানি রান্নার পাশাপাশি প্রতিযোগীদের সামলাতে হয় একটি খেলনা শিশুও। তার উপর আরও এক কঠিন শর্ত – নিজেদের তৈরি খাবার তো বটেই, অন্য দলের রান্নাও চেখে দেখার অনুমতি ছিল না কারও! ফলে একদিকে রান্নার দায়িত্ব, অন্যদিকে খেলনা শিশুকে সামলানো – সব মিলিয়ে রান্নাঘরে তৈরি হয় হুলুস্থুল কাণ্ড। রান্নাগুলি যখন মেন্টরদের কাছে ব্লাইন্ড টেস্টিংয়ের জন্য পৌঁছয়, তখন রান্নাঘরে উত্তেজনা তুঙ্গে। অঙ্কুশ হাজরাও খাবারের লোভ সামলাতে না পেরে চুপিসারে স্বাদ নেওয়ার চেষ্টা করেন। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে প্রতিযোগীদের সঙ্গে নাচে মেতে ওঠেন অঙ্কুশ। সঙ্গে ছিল ইমন চক্রবর্তীর গান। সব মিলিয়ে ফিনালের আনন্দ আর উত্তেজনা পৌঁছে যায় এক অন্য মাত্রায়।

“রাঁধুনি না কাঁদুনি জেতার অনুভূতিটা সত্যিই অবিশ্বাস্য! এখনও যেন সবটা স্বপ্নের মতো লাগছে। প্রথম দিন যখন রান্নাঘরে পা রেখেছিলাম, তখন শুধু চেয়েছিলাম প্রতিটি মুহূর্ত উপভোগ করতে, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে…”

অবশেষে আসে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। হাসি, বন্ধুত্ব, নানা অভিজ্ঞতা আর হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার দীর্ঘ সফর শেষে সোনি আট-এর ‘রাঁধুনি না কাঁদুনি’র বিজয়ী হিসেবে নাম ঘোষণা হয় সৌরভ দাস ও প্রেরণা দাসের। জয়ের অনুভূতি জানাতে গিয়ে ইনফ্লুয়েন্সার প্রেরণা বলেন, “রাঁধুনি না কাঁদুনি জেতার অনুভূতিটা সত্যিই অবিশ্বাস্য! এখনও যেন সবটা স্বপ্নের মতো লাগছে। প্রথম দিন যখন রান্নাঘরে পা রেখেছিলাম, তখন শুধু চেয়েছিলাম প্রতিটি মুহূর্ত উপভোগ করতে, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে আর প্রচুর আনন্দ করতে। একবারও ভাবিনি, এই সফর এতটা স্মরণীয় হয়ে উঠবে। আমার পাশে সতীর্থ হিসেবে সৌরভকে পাওয়াটা এই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে। একসঙ্গে প্রতিটি চ্যালেঞ্জ সামলে শেষ পর্যন্ত দলের হয়ে বিজয়ীর ট্রফি হাতে তুলে নেওয়ার আনন্দ সত্যিই অমূল্য। গোটা টিমের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যাঁরা আমাদের উপর বিশ্বাস রেখেছেন, পাশে থেকেছেন এবং প্রতিটি পদক্ষেপে উৎসাহ জুগিয়েছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।” পাশাপাশি ফেসবুক পোস্টে সৌরভের ‘বিগ বস বাংলা’র ট্রফি জেতার প্রার্থনাও করেছেন প্রেরণা দাস।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language