কোচবিহার রাসমেলায় সাংস্কৃতিক মঞ্চে আসছেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, অরিজিত সিংয়ের মতো তারকা সঙ্গীত শিল্পী! রাসমেলা শুরুর আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে কোচবিহার পুরসভার নাম লেখা সেই শিল্পীদের তালিকা। আর এতেই বিপাকে পড়েছে পুর কর্তৃপক্ষ। বাস্তবে এই ধরনের কোনও তালিকাই তৈরি হয়ালি বলে পুরসভার দাবি। তাই তড়িঘড়ি এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য পুলিশের দ্বারস্থ হয়েছে কোচবিহার পুরসভা।
ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার কথা রয়েছে। আর সেই অনুষ্ঠানকে ঘিরে এই ধরনের গুজব ছড়িয়ে পড়লে অত্যাধিক ভিড় হতে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। আর সেখান থেকেই এবার সোশ্যাল মিডিয়ায় যারা এই ধরনের প্রচার করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কোচবিহারে সদর মহকুমা শাসক তথা কোচবিহার পুরসভার প্রশাসক গোবিন্দ নন্দী জানিয়েছেন, রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে শিল্পীদের নিয়ে আসার জন্য টেন্ডার ডাকা হয়েছে। তবে হঠাৎ করে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ কিছু বিভ্রান্তিকর তালিকা তৈরি করে পুরসভার নাম করে সেটা প্রচার করা হচ্ছে। বাস্তবে এই ধরনের কোন তালিকা এখন তৈরি হয়নি। যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য থানায় অভিযোগ জানানো হয়েছে।
ঐতিহ্যবাহী কোচবিহারের রাসমেলায় ১৫ দিন ধরে খ্যাতনামা সংগীত শিল্পীদের অনুষ্ঠান হয়ে থাকে। সেটাকে কাজে লাগিয়ে তারকা শিল্পীদের নাম নিয়ে দেদার প্রচার শুরু হয়েছে বলেই অভিযোগ উঠছিল। বিষয়টি নিয়ে ব্যাপক হইচই শুরু হলেই এবার অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। তবে এবারের রাসমেলায় যেহেতু উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজেই আসছেন বলে ঘোষণা করেছেন তাই জৌলুস অনেকটাই বাড়বে বলে আশাবাদী প্রশাসনিক আধিকারিকরা। সেই রাসমেলা উপলক্ষ্যে কোচবিহারে উৎসবমুখর পরিবেশ তৈরি করতে গোটা শহরকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
