জিও-র গ্রাহকদের মধ্যে হঠাৎই তৈরি হয়েছে আতঙ্ক। নেপথ্যে সংস্থার তরফে পাঠানো এসএমএস। যেখানে দাবি করা হয়েছে, এবার রিচার্জের মেয়াদ ফুরলেই যে কোনও সময় বন্ধ হয়ে যাবে ইনকামিং কলও। কেবল জিও নয়, সমস্ত টেলিকম সংস্থার ক্ষেত্রেই প্ল্যান শেষ হয়ে গেলে আর ফোন করা যায় না। কিন্তু ফোন আসায় কোনও বাধা তখনই তৈরি হয় না। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, জিও-র হঠাৎ এমন দাবির সারবত্তা কী?
অভিষেক যাদব নামে এক নেটিজেন এক্স হ্যান্ডলে একটি এসএমএসের স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে লেখা ছিল, ‘আপনার জিও রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যে কোনও সময় ইনকামিং কল বন্ধ হয়ে যেতে পারে। পরিষেবা সচল রাখতে এখনই রিচার্জ করুন।’ বলে রাখা ভালো, এই বার্তায় ইউজারদের রিচার্জ করার পরামর্শ দেওয়া হয়েছে, যা অস্বাভাবিক একদমই নয়। কিন্তু ‘যে কোনও সময়’ ইনকামিং কল বন্ধ করে দেওয়ার কথা বলাতেই উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, টেলিকম সংস্থাগুলোর জন্য এমন নিয়ম রয়েছে যা মেনে চলায় একটি নির্দিষ্ট সময়সীমার আগে পরিষেবা পুরোপুরি বন্ধ করা যায় না। নয়া সতর্কবার্তায় এটা আদৌ স্পষ্ট নয়, রিচার্জ না করলে ইনকামিং মেসেজ (এসএমএস) পরিষেবাও বন্ধ হয়ে যাবে কি না। এক সর্বভারতীয় সংস্থার দাবি, তাদের তরফে জিও-র সঙ্গে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি।
বলে রাখা ভালো, জিও বা অন্য যে কোনও টেলিকম সংস্থার ক্ষেত্রে, প্রিপেড প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলে আউটগোয়িং কল ও এসএমএস পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে সাধারণত কিছু সময়ের জন্য ইনকামিং কল ও এসএমএস পরিষেবা চালু থাকে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা ট্রাইয়ের নিয়ম অনুযায়ী, কোনও প্রিপেড নম্বর টানা ৯০ দিন নিষ্ক্রিয় থাকলে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা কার্যকর হয়। অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের ওপর ভিত্তি করে টেলিকম সংস্থাগুলো সেই সংযোগের সমস্ত পরিষেবা বন্ধ করে দিতে পারে। তাই রিচার্জ শেষ হলেই ইনকামিং কি সত্যিই বন্ধ করে দেবে জিও, তা নিয়ে ধন্দ থেকেই যাচ্ছে।
