সিজেপি আন্দোলন ঘিরে রীতিমতো তেতে দিল্লি। সকাল থেকেই নিরাপত্তার বলয়ে কার্যত দুর্গে পরিণত হয়েছে রাজধানী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে আন্দোলন কর্মসূচি পালন করার ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। শনিবার দিল্লিতে কী ঘটতে চেলেছে সেটাই ছিল আবালবৃদ্ধবনিতার পাখির চোখ। দেশের তরুণ প্রজন্মের এই বিক্ষোভ দমন করতে দিল্লিতে যে বন্দোবস্ত করা হয়েছে সেটা কার্যত নজিরবিহীন। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ‘দিল্লি চলো’র আহ্বান বাংলার দুই দিজ্ঞজ সংগীতশিল্পী অনুপম রায় ও রূপম ইসলামের।
শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে যুগলের ছবি পোস্ট করে গায়ক অনুপম ক্যাপশনে লিখেছেন, ‘দিল্লি চলো’। এরপরই ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে সোশাল মিডিয়ায় জল্পনার সূত্রপাত। অনুপম রায় ও রূপম ইসলামও ‘ককরোচ’-এর সমর্থনে যোগ দিতে যাচ্ছেন? সাধারণ মানুষ থেকে অনুরাগীদের অনেকেই প্রশ্ন তুলছেন, ককরোচ জনতা পার্টির প্রতিবাদ মিছিলে যোগ দিতেই রাজধানীতে যাচ্ছেন দুই তারকা সংগীতশিল্পী? এবিষয়ে দুজনেরই মুখে কুলুপ। তবে জানা যাচ্ছে, এই সফরের সঙ্গে তাঁদের কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই। বরং শিল্পী হিসেবে কোনও কনসার্টে পারফর্ম করবেন। রূপম ইসলামের ব্যান্ড ‘ফসিলস’-এর দিল্লি বা নয়ডায় কনসার্ট রয়েছে। অনুষ্ঠান রয়েছে অনুপম রায়েরও।
তাই বলা যেতেই পারে মিউজিক্যাল প্রজেক্টের সুবাদেই দুজনের দিল্লি ভ্রমণ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। বিরোধী জোটের সাংসদ, নেতাকর্মীরা যেমন রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক অন্যদিকে গণতন্ত্র রক্ষার দাবিতে পথে নেমেছে ‘আরশোলা’রাও। তাঁদের সঙ্গ দিয়েছেন বলিউড থেকে শুরু করে অন্যান্য সিনেদুনিয়ার একাধিক তারকা। যুক্ত হয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও। গুরুগ্রামের বাসভবন থেকে আটক করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে। আটক হয়েছেন ‘ককরোচ’দের আইনি উপদেষ্টা রত্না সিং।
দিল্লি পুলিশ জানিয়েছে যে, বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও এই যন্তর মন্তরে কর্মসূচি করছে ‘ককরোচ’রা। মধ্য দিল্লির বহু এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’র ১৬৩ ধারা বলবৎ রয়েছে। পুলিশ সতর্ক করে দিয়েছে, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবারের বিক্ষোভে যাতে কোনওরকম সহিংসতার প্রকাশ না পায় তা নিশ্চিত করতেই এহেন সতর্কতা বলে সূত্রের দাবি।
