লখনউয়ে শিল্পপতির শিবা শর্মার রহস্যমৃত্যুতে নয়া মোড়। শিবার লিভ ইন সঙ্গী তথা মডেল নিখোঁজ শ্রদ্ধা দুবের খোঁজে তল্লাশিতে নামল পুলিশের ৬টি দল। কেউ শ্রদ্ধার সন্ধান দিলে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে লখনউ পুলিশের তরফে। ঘটনার পর থেকে নিখোঁজ শ্রদ্ধার বোন ও তাঁর গাড়ির চালক। এই তিনজনের বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করেছে শিবার মা রঞ্জনা শর্মা।
এদিকে পুলিশি তদন্তে শ্রদ্ধা সম্পর্কে একের পর এক তথ্য সামনে আসতে শুরু করেছে। জানা যাচ্ছে, একাধিক দুষ্কৃতী ও রাজনৈতিক নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শ্রদ্ধার। এমনকী কুখ্যাত দুষ্কৃতী মুখতার আনসারি গ্যাংয়ের সঙ্গে শ্রদ্ধার যোগাযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশের দাবি, এইসব গ্যাংস্টারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের দাবি করে তোলাবাজি করতেন শ্রদ্ধা। আনসারি গ্যাংয়ের সদস্য অভিষেক সিংয়ের সঙ্গে ছবি রয়েছে তাঁর। সেই ছবি ব্যবহার করে ধনী ব্যবসায়ীদের নিজের জালে জড়াতেন এই মডেল। নিজের বাড়িতে তাঁদের ডেকে ছবি তোলাতেন। তাঁর পর মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা টাকা আদায় করতেন। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, শ্রদ্ধা নেপালে পালিয়ে যেতে পারেন। কারণ তাঁর মোবাইলের শেষ অবস্থান দেখা গিয়েছিল নেপাল সীমান্ত সংলগ্ন উত্তরপ্রদেশের বাহরাইচে।
