সোমবার ছিল কালীপুজোর রাত। আলোর উৎসবে মেতে ওঠে গোটা বাংলা। শব্দবাজি নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিল পুলিশ-প্রশাসন। এমনকী আলোর উৎসবে সবুজ আতসবাজি ফাটানোর বার্তাও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু এরপরেও শব্দবাজির তাণ্ডব নিয়ে সমালোচনা শুরু হতেই মুখ্যমন্ত্রীর মন্তব্য, ”সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শব্দবাজি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সমস্ত ব্যবস্থা নিয়েছে। আমার মনে হয়েছে অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে।” এই ইস্যুতে নাম না করে ফের একবার বামেদেরও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানোর অভিযোগে শুধুমাত্র কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে ২০৫ জনকে। অভব্য আচরণের অভিযোগে ৩৮৭ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। সবমিলিয়ে কালীপুজোর রাতে মোট ধৃতের সংখ্যা ৫৯২।
শব্দবাজির ‘তাণ্ডব’ নিয়ে অভিযোগ উঠছে শুনে দিঘায় সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ”কমিউনিস্টরা করছে।” তাঁর কথায়, ” রাত ১০ টার পর কোথাও কোথাও বাজি ফেটেছে। পুলিশ কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। আমরা কখনই চাই না পরিবেশ দূষণ হোক। কিন্তু দীপাবলিতে একটু আনন্দ করবে। একটু আলোটালো জ্বলবে। গ্রিন ক্র্যাকার ফাটাবে, তাতেও এত অসুবিধা কেন?” এই ইস্যুতে নাম না করে বামেদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ”সনাতনের এত জাগরণ ঘটেছে। এজন্য কিছু লোকের সমস্যা হচ্ছে। যারা এই সমস্ত অভিযোগ করছেন, এরা আমাদের হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিলেন। শাস্ত্রকে সরিয়ে দিয়েছিলেন। এঁদের কপালে কারোর ঠিকা, গলায় তুলসী নেই।”
কিন্তু এরপরেই প্রশাসন যেভাবে রাস্তায় নেবে শব্দবাজির নিয়ন্ত্রণ করেছে, তার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ”আমরা নিয়ন্ত্রণ করেছি। দুষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পুলিশ, বিভিন্ন এনজিও রাস্তায় ছিল। অনেক বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। মামলাও হয়েছে।” এদিকে শব্দবাজির তাণ্ডব নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন ডিজে বন্ধের প্রশংসাও সরকারের পাওয়া উচিৎ বলে মনে করেন মুখ্যমন্ত্রী। বলেন, ”সময়ের বাইরে বাজি ফেটেছে বলে যারা সমালোচনা করছেন, তাঁদের সরকারের ডিজে বন্ধেরও প্রশংসাও করা উচিৎ।” মুখ্যমন্ত্রীর কথায়, আগে ডিজের ভয়ঙ্কর অবস্থা ছিল। কিন্তু আমি অন্তত রাস্তার পাশে কোনও ডিজে শুনিনি।”
বলে রাখা প্রয়োজন, কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানোর অভিযোগে শুধুমাত্র কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে ২০৫ জনকে। অভব্য আচরণের অভিযোগে ৩৮৭ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। সবমিলিয়ে কালীপুজোর রাতে মোট ধৃতের সংখ্যা ৫৯২। বাজেয়াপ্ত করা হয়েছে ২৩৮.৬ কেজি শব্দ বাজি। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ৬ লিটার মদ।
