Hashtagintro

‘শামিকে নিউজিল্যান্ডে নিয়ে যাওয়া উচিত ছিল’, সল্টলেকে এসে আলাপচারিতায় ওয়াসিম জাফর

রনজি ট্রফিতে দুরন্ত বোলিং। দলীপ ট্রফিতেও নজরকাড়া পারফরম্যান্স। কিন্তু তারপরও জাতীয় দলের দরজা খোলেনি। কোচ গৌতম গম্ভীরের আমলে পাওয়া ধরাবাহিক ‘অবজ্ঞা’ শেষ পর্যন্ত টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে মহম্মদ শামিকে।

তবে প্রাক্তন টেস্ট প্লেয়ারের তালিকায় নয়। শামির নাম নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা উচিত ছিল বলে মনে করছেন ওয়াসিম জাফর। প্রাক্তন জাতীয় ওপেনার বর্তমানে হায়দরাবাদ রাজ্য দলের মেন্টর। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য দল নিয়ে এসেছেন কলকাতায়। সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে দাঁড়িয়ে জাফর বলে গেলেন, “শামিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ও এখনও টেস্ট খেলার জায়গায় আছে। নিউজিল্যান্ড সফরের দলে ওকে রাখা উচিত ছিল। রবি শাস্ত্রী একেবারে সত্যি বলেছে। শামির এখনও পঞ্চাশটা টেস্ট উইকেট নেওয়ার ক্ষমতা আছে। ওর স্কিল এখনও দুর্দান্ত। কোনও ব্যাটারকে যদি বলা হয়, শামির মতো বোলারকে সামলাতে হবে না, নিশ্চিতভাবেই সে উৎফুল্ল হয়ে উঠবে। ওর দলে না থাকা আমাকে অবাক করেছে।”

বাংলার জার্সিতে গত মরশুম থেকে পুরোদমে খেলছেন শামি। সে কথা অজানা নয় ঘরোয়া ক্রিকেটে কুড়ি হাজারের বেশি রানের মালিক জাফরের। শোনালেন, “শামি তো বাংলার হয়ে পুরোদমেই খেলছে। পূর্বাঞ্চলের হয়ে উইকেট পেয়েছে। বলের গতি কমেনি। ঘরোয়া ক্রিকেটের সেরা ব্যাটারদের আউট করছে। এর বাইরে একজন বোলার আর কী করবে? ফলে ওকে না নেওয়ার কোনও মানেই হয় না।”

২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রাখলে, রোহিত-বিরাট নিয়ে আলোচনা অর্থহীন। যদি দলে তরুণ মুখ আনার হয়, তবে বিশ্বকাপের পর পরিবর্তন করা হোক। ওরা দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য।

শুধু শামি নয়, আরও দুই সিনিয়র রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিয়েও বর্তমান টিম ম্যানেজমেন্টের ভাবনায় সমর্থন নেই জাফরের। সরাসরিই বলছেন, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দুই নক্ষত্রকে নিয়ে আলোচনা অর্থহীন। বরং পরিবর্তন করতে হলে তারপর করা হোক। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রাখলে, রোহিত-বিরাট নিয়ে আলোচনা অর্থহীন। যদি দলে তরুণ মুখ আনার হয়, তবে বিশ্বকাপের পর পরিবর্তন করা হোক। ওরা দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। ম্যাচ উইনার। ওরা বিশ্বকাপ জেতার জন্য নিজেদের সেরাটাই দেবে। বিরাট ভালো ফর্মে আছে, ফিটনেসও দারুণ। বিশ্বকাপে রোহিতের পারফরম্যান্সও নজরকাড়া। এমনিতে ভারতীয় দলে খুব বেশি অভিজ্ঞ প্লেয়ার নেই। শুভমান তরুণ অধিনায়ক। দুই সিনিয়রের অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকায় ওকে সাহায্য করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে”, বার্তা জাফরের। আগামী বছর বিশ্বকাপে ভারতকে অন্যতম ফেভারিট হিসেবেই দেখছেন তিনি। কারণ জশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের উপস্থিতি। এই দু’জনের সঙ্গে শামি থাকলে, তা বিশ্বকাপে ভারতের জন্য ‘গেমচেঞ্জার’ হতে পারে বলেও মনে করছেন জাফর।

ঘরের মাঠে টেস্ট উইকেট নিয়েও প্রশ্ন তুলছেন জাফর। যেখানে ভারতীয় ব্যাটিং স্পিনের সামনে স্বচ্ছন্দ নয়, সেখানে র‍্যাঙ্ক টার্নার আদতে প্রতিপক্ষের সুবিধা করছে বলেই মত প্রাক্তন জাতীয় ওপেনারের। “উইকেট ভালো হলে, ভারতীয় দলের পারফরম্যান্সও ভালো হয়। বিরাটের আমলে সেটা আমরা দেখেওছি। ফলে এমন ঘূর্ণি উইকেট বানানোর কোনও প্রয়োজন দেখছি না। কারণ আমাদের স্পিন খেলার ক্ষমতাও কমে গিয়েছে। বরং প্রতিপক্ষের ব্যাটাররা অনেক ধরনের শট খেলে। সঙ্গে ভালো স্পিনার নিয়ে আসছে ওরা”, বলছেন জাফর। সবমিলিয়ে শামি থেকে টেস্ট উইকেট- একদা সতীর্থের মতামত শুনলে গৌতম যে ‘গম্ভীর’ হবেন, বলে দেওয়াই যায়।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language