Hashtagintro

শিকারের লোভে ফের জঙ্গল ছেড়ে লোকালয়ে ‘ডুয়ার্স রানি’! উদ্বিগ্ন বনকর্তারা

ফের লোকালয়ের দিকে পা বাড়াল বাঘিনি। রবিবার সন্ধ্যায় বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া বনবস্তির স্থানীয় এক ব্যক্তির গাছবাড়িতে গিয়ে আশ্রয় নিতে দেখা যায় বাঘিনিকে। এদিন ফের লোকালয়মুখী হয়ে পড়ল বাঘিনি। অসমেও রাইমোনা বনাঞ্চল লাগোয়া লোকালয়ে আশ্রয় নিয়ে গৃহপালিত শূকর সাবাড় করেছিল সে। তাহলে কি ফের শূকরের লোভেই লোকালয়ে এগোচ্ছে বামিনি? বনাঞ্চলে শিকার ধরে খেতে ক্রমশ ক্ষমতা হারাচ্ছে সে নাকি বনাঞ্চলে শিকারের অভাবে লোকালয়মুখী হচ্ছে এই বাঘিনি, এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বনকর্তাদের মনে। একইসঙ্গে এই ঘটনায় উদ্বিগ্ন তাঁরা। স্থানীয়দের নিরাপত্তার কথাও ভাবাচ্ছে তাঁদের।

বাঘ বিশেষজ্ঞদের কথায়, সাধারণত শিকার ধরলে শিকার ছেড়ে অন্যত্র যেতে চায় না বাঘ। এক-দু’দিন সেই শিকার ভালো করে খেয়ে তারপর অন্য এলাকায় যায় সে। বনাধিকারিকদের সন্দেহ, শিকারের কারণেই রবিবার সকালে বক্সা টাইগার রিজার্ভের কোর এলাকা থেকে তেমন নড়াচড়া করেনি সে। তবে বিকেলের দিকে লোকালয়মুখী হয়েছে। এদিকে মিস ক্যারেজের পর বাঘিনির শারীরিক অবস্থা নিয়েও বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে। সেই কারণে বাঘিনির কম নড়াচড়ায় নানা আশঙ্কা তৈরি হয়। যদিও অসুস্থতার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। তিনি বলেন, “বাঘিনি সুস্থই আছে। আমরা বাঘিনির উপর নজর রাখছি। আর বাঘিনির বিষয়ে যা কিছু করা হচ্ছে সবটাই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) নিয়ম ও গাইড লাইন মেনেই হচ্ছে। ফলে এখানে রাজ্য বনদপ্তর এককভাবে কোনও সিদ্ধান্তই নিতে পারছে না। বক্সায় বাঘ থাকার পুরনো গৌরব আমরা ফেরাতে চাইছি।” জানা গিয়েছে, বক্সাতে আরও বাঘ আনার তোড়জোড় চলছে। আরও বাঘ আনার জন্য আরও এনক্লোজার তৈরির কথা বলেছেন এনটিসিএ-র দুই সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।

এক্ষেত্রে এক সঙ্গে একটি বাঘ ও একটি বাঘিনিও বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছাড়া হতে পারে। এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী বলেন, “বাঘেদের আদর্শ ইউনিট তৈরি হয় দুই বাঘিনি ও একটি বাঘ নিয়ে। একটি বাঘিনি আমরা বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছেড়েছি। এই বাঘিনি একটু ধাতস্থ হলে আমরা আরও একটি বাঘ ও একটি বাঘিনি আনার পরিকল্পনা করছি। সবটা নির্ভর করছে বর্তমানে যে বাঘিনিকে ছেড়েছি, তার উপর। এক্ষেত্রেও এনটিসিএ যেভাবে গাইডলাইন দেবে সেভাবেই করতে হবে।” বিভিন্ন মহল সুত্রে জানা গিয়েছে বক্সাতে বনকর্মীদের বাঘ ম্যানেজমেন্টে পারদর্শিতা বাড়াতে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ‘বাঘবন’ নাম হলেও দীর্ঘদিন এই বনাঞ্চলে বাঘেদের কোনও স্থায়ী বসবাস নেই। সেই কারণে এখানকার বনকর্মী থেকে আধিকারিক কেউই বাঘ ম্যানেজমেন্টে ততটা পারদর্শী না হওয়াটা খুবই স্বাভাবিক। এই অবস্থায় বনকর্মী থেকে আধিকারিক সকলকেই আরও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে এনটিসিএ।

এদিকে বাঘিনি নিয়ে হইচইকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে বক্সা টাইগার রিজার্ভের প্রতি আগ্রহ আরও বেড়ে গেছে। রবিবার শীতের রোদ গায়ে মেখে বাঘিনিকে চাক্ষুষের আশায় প্রচুর পর্যটক বক্সাতে সাফারি করতে ঢুকেছিলেন। যদিও ব্যর্থ মনো ফিরে গিয়েছেন তাঁরা। তবে নাওয়া-খাওয়া ভুলে বাঘিনিকে নজর রাখছেন বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা। এরইমধ্যে ফের বনকর্মী সংকটের প্রশ্নটি উঠেছে। যদিও বনমন্ত্রী জানিয়েছেন, বনকর্মীর সংকট মেটাতে রাজ্য পুলিশ থেকে ডেপুটেশনে প্রায় ৪০০ কনস্টেবল ও ১০০ সাবইন্সপেক্টর দেবে রাজ্য সরকার। তা পেলে কিছুটা সমস্যা মোকাবিলা করতে সুবিধা হবে। রাজ্য বনদপ্তরে অনেক এলাকায় ৯০ শতাংশ বনকর্মীর পদ ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language