ফের আইএফএ আয়োজিত টুর্নামেন্টে বিতর্ক। এবার শিল্ড ফাইনালের টিকিট বণ্টনে অব্যবস্থার অভিযোগ। বৃহস্পতিবার সন্ধে ৬.১৫ মিনিট থেকে খেলা শুরু। অথচ, বুধবার রাত আটটা পর্যন্ত ফাইনালে অংশগ্রহণকারী দুই ক্লাবের হাতে একটি টিকিটও পৌছয়নি! স্বাভাবিকভাবেই আতান্তরে পড়ে গিয়েছেন ক্লাব কর্তারা। অসন্তোষ সমর্থকদের মধ্যেও।
এমনিতে ডার্বির বা অন্য কোনও ম্যাচের আগে ক্লাবগুলিকে নির্দিষ্ট কিছু টিকিট দেওয়া হয় ক্লাবগুলিকে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে আইএফএ শিল্ডের ফাইনালের ২৪ ঘণ্টা আগেও টিকিট পৌছয়নি ইস্টবেঙ্গল বা মোহনবাগানে। স্বাভাবিকভাবেই দুই ক্লাবের সভ্য-সমর্থকরা কিছুটা ধোঁয়াশায়। ক্লাব থেকে আদৌ টিকিট মিলবে কী? পাওয়া গেলেও সেটা কবে কীভাবে পাওয়া যাবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্লাব কর্তারাও সংশয়ে। মোহনবাগান ক্লাবের তরফে এখনও জানানো হয়নি কখন কীভাবে সমর্থকরা টিকিট পাবেন। ক্লাব কর্তারা ঠিক করেছেন, টিকিট হাতে না পাওয়া পর্যন্ত সেটা ঘোষণা করা সম্ভব নয়। খানিকটা একই রকম পরিস্থিতি মোহনবাগানেও।
ফলে যা পরিস্থিতি তাতে বুধবার আর টিকিট পাওয়ার বিশেষ সম্ভাবনা নেই। কারণ রাত আটটার পর ক্লাবে টিকিট পৌঁছলেও সেটা বুধবার আর বিলি করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বৃহস্পতিবার সন্ধ্যার ম্যাচের টিকিট বৃহস্পতিবার দুপুরেই সংগ্রহ করতে হবে সমর্থকদের। কাজের দিনে সেই কাজটা বেশ কঠিন। ছুটির দিন হলেও একটা কথার কথা ছিল। ফলে দুই ক্লাবের সভ্য সমর্থকদেরই টিকিট সংগ্রহে সমস্যায় পড়তে হবে।
আইএফএ অবশ্য আগে জানিয়েছে, সাধারণ দর্শকদের জন্য এবার অফলাইনে কোনও টিকিট ছাড়া হবে না। শিল্ড ফাইনালের টিকিট পাওয়া যাবে ডিস্ট্রেক্ট অ্যাপে। আইএফএ সূত্র অনুযায়ী টিকিটের সর্বনিম্ন দাম ধার্য করা হয়েছে ১০০ টাকা। সর্বোচ্চ ১২৫০ টাকা। এছাড়াও ১৫০, ২০০, ২৫০, ৩৫০, ৬৫০ টাকার টিকিট থাকছে।
