ঢাকায় সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সোহেল রানার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল হাই কোর্ট। তবে একই মামলায় রানার স্ত্রী স্বপ্না খাতুনকে মুক্তি দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় ঘোষণা করে।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু হিংসা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় প্রথম রানাকে মৃত্যুদণ্ডের সাজা দেন। একই সাজা দেওয়া হয় তার স্ত্রীকেও। পাশাপাশি, রানাকে পাঁচ লক্ষ এবং স্বপ্নাকে দু’লক্ষ জরিমানা করা হয়। জরিমানার অর্থ মৃতার পরিবারকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। নৃশংস সেই হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করে নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয় রানা ও তার স্ত্রী। কিন্তু সেখানেও ধাক্কা খেল তারা।
জানা গিয়েছে, ঢাকার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকত ওই শিশুকন্যা। ওই আবাসনেই অন্য একটি ফ্ল্যাটে থাকতেন আসামি সোহেল এবং তার স্ত্রী। গত ১৯ মে সকালে শিশুকন্যা স্কুল যাওয়ার জন্য তৈরি হয়। সেই সময় কৌশলে রানা তাকে নিজের ফ্ল্যাটে ডেকে নেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে রানার ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি। একাধিকবার করেও সাড়া মেলেনি। এরপর প্রতিবেশীদের সহায়তায় ভাঙা হয় দরজা। রানার শোওয়ার ঘরের মেঝেতে শিশুকন্যার মস্তকবিহীন দেহ উদ্ধার হয়। জানা যায়, তাকে ধর্ষণ করে খুন করা হয়।
