শীতের শুরুতেই দূষণের গ্রাসে দিল্লি। পড়শি রাজ্যগুলির অবস্থাও তথৈবচ। দোসর হয়েছে দিওয়ালিতে লাগামছাড়া আতশবাজি পোড়ানো। মঙ্গলবার প্রকাশিত পৃথিবীর সবচেয়ে দূষিত ৫০টি শহরের তালিকায় ৪৯টিই ভারতের। এই অবস্থায় দিল্লি এবং উত্তর ভারতের একাধিক রাজ্যের দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। দূষণ নিয়ন্ত্রণে কী পরিকল্পনা রয়েছে প্রশাসনের, জানতে চেয়ে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা সরকারকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। দু’সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
সরকার পক্ষের পাশাপাশি দিল্লি পৌরনিগম এবং দিল্লি পুলিশের কাছেও দূষণ মোকাবিলায় সংক্রান্ত হলফনামা চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এদিন মামলা উঠেছিল বিচারপতি জয়মাল্য বাগচী, ভি মোহনা এবং প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। শুনানিতে মেয়াদ উত্তীর্ণ পুরনো গাড়ির দূষণের প্রসঙ্গ ওঠে। এই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভিনরাজ্যের বাণিজ্যিক গাড়িগুলিকে দিল্লিতে ঢুকতে দেওয়া নিয়ে কোনও নির্দেশিকা জারি হয়েছে কি না! তাও জানতে চায় আদালত। শুনানিতে উঠে আসে অতিরিক্ত গাড়ি জনসংযোগ বাড়ানোর পাশাপাশি বিপুল পরিমণে দূষণ বাড়াচ্ছে।
সম্প্রতি দীপাবলির সময়ে রাজধানীর বাতাসে পিএম ২.৫ (বাতাসে ভেসে থাকা অতি সূক্ষ্ম কণা, যার ব্যাস ২.৫ মাইক্রোমিটার বা তার কম)-এর মাত্রা দৈনিক জাতীয় মানদণ্ডের চেয়ে ৬০ গুণ বেড়ে গিয়েছিল। আতশবাজির ধোঁয়ার ছাড়াও গাড়ির ধোঁয়াও এই পিএম ২.৫-এর অন্যতম উৎস। এই বিষয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। পাশাপাশি তিন বিচারপতির বেঞ্চ জানতে চায়, এই বিষয়ে কী কী পদক্ষেপ করা হচ্ছে!
বিভিন্ন সময়ে দিল্লির দূষণে অন্যতম ভিলেন হিসাবে ধরা হয়েছে পড়শি রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানো। নতুন করে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র দূষণের জন্য এই বিষয়টিকেই দায়ী করেছেন। এমনকী আপশাসিত পাঞ্জাবের বিরুদ্ধে তোপ দেগেছেন। এদিন অবশ্য, আদালতে জমা পড়া নথির ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানায়, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানে শস্যের গোড়া পোড়ানোর ঘটনা উল্লেখযোগ্য ভাবে কমেছে। এর প্রশংসাও করে সুপ্রিম কোর্ট। যদিও গাড়ির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর।
