Hashtagintro

শুনশান মমতার বাড়ি! ভাইফোঁটায় ‘নতুন দিদি’র কাছে ফোঁটা নিলেন অরূপ, ববি, বাবুনরা

রাজ্যে পালাবদলের পর প্রথম ভাইফোঁটা। এই প্রথম তাঁর কালীঘাটের বাসভবনে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে এদিনটায় রাজ্য-রাজনীতির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠত ‘দিদি’র বাড়ি। তবে এদিন সকাল থেকে একেবারেই অন্য ছবি ছিল। হরিশ চ্যাটার্জী লেনে নেই কোনও লালবাতি গাড়ি। নেই কোনও তারকা। এক সময়ে যারা ভাইফোঁটা নিতে আসতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তাঁদের কাউকেই দেখা যায়নি। তবে এদিন সেই চেনামুখের ভিড় ছিল মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। ফিরহাদ থেকে অরূপ, কে ছিলেন না সেখানে। এমনকী সেই ভিড়ে দেখা গেল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই বাবুনকে। যাকে নামের সমার্থক শব্দই দিদি, তাঁর বাড়িতেই দেখা মিলল না কোনও ভাইয়ের।

গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তরফে এদিন বাইপাসের ধারে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। যেখানে ভাই অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শান্তনু সেন-সহ একাধিক শীর্ষ নেতাকে ফোঁটা দেন ‘দিদি’ চন্দ্রিমা ভট্টাচার্য। তবে সবথেকে উল্লেখযোগ্য হল, সেই তালিকায় ছিলেন মমতার নিজের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। তিনি ঋতব্রত, ফিরহাদ এবং অরূপ সঙ্গে একসারিতে বসেই ফোঁটা নেন তাঁর ‘নতুন-দিদি’র কাছে। এরপরেই জল্পনা তাহলে কি বাবুনের নয়া পথ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস!

ভাইদের মাঝে ‘দিদি’ চন্দ্রিমা।

বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার সন্ধ্যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ দেন বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয়। সেখানে মায়ের আরতিও করেন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর উদ্দেশে বাবুন বলেন, “দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভালো লাগল। শুভেন্দু দার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।” তবে ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে তাঁর বেশি কথা হয়নি, তাও জানান বাবুন। এরপরেই এদিন তাঁর এহেন পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা তৈরি করেছে।

তবে ভাইফোঁটা প্রসঙ্গে বিরোধী দলনেতা অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আগে যারা ভাইফোঁটা নিতে যেতেন, তাঁদের কাছেই শুনেছি ‘পিক এন্ড চুজ’ হিসাবে ফোঁটা দেওয়া হতো। কিন্তু এখানে তা ছিল না। সবাই এসেছে। ফোঁটা নিয়েছে। তবে বাবুন বন্দ্যোপাধ্যায়কে কড়া সমালোচনা করেছেন মমতাপন্থী নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”বাবুন কার্তিকদের মায়ের মতো মানুষ করেছে দিদি। সত্যিকার অর্থেই তা করেছেন। আজ তাঁরা যদি অন্য কথা বলে আলাদা কথা।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language