আইএসএল দেখানোর কথা সোনি স্পোর্টস নেটওয়ার্কের। টেলিভিশনের পাশাপাশি সোনিলিভ অ্যাপ এবং ইউটিউবেও খেলা দেখানোর কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রতিযোগিতা শুরু হতেই সম্প্রচার নিয়ে তৈরি হল বিভ্রান্তি। সোনিলিভ ও ইউটিউবে খেলা দেখা গেলেও টেলিভিশনে সম্প্রচারিত হল না উদ্বোধনী ম্যাচ।
শনিবার আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি ও এসসি দিল্লি। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৫টায় শুরু হয় খেলা। কিন্তু সোনি স্পোর্টস নেটওয়ার্কের কোনও চ্যানেলেই দেখা যায়নি ম্যাচ। ফলে কোন চ্যানেলে খেলা দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন ওঠে দর্শকদের মধ্যে। সোনিলিভ অ্যাপ এবং ইউটিউবে অবশ্য সরাসরি সম্প্রচারিত হয়েছে ম্যাচ। কিন্তু টেলিভিশনে খেলা না দেখানোর কারণ কী, তা জানায়নি সোনি। বেছে বেছে কিছু ম্যাচ টেলিভিশনে দেখানো হবে, নাকি প্রযুক্তিগত সমস্যার কারণে বেঙ্গালুরু-দিল্লি ম্যাচ সম্প্রচার করা যায়নি, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
শনিবার শুরু হয়েছে আইএসএল। ১৬৩টি ম্যাচ হওয়ার কথা। প্রথম পর্বের সূচি অনুযায়ী ১৭ জানুয়ারি পর্যন্ত হবে ৭৮টি ম্যাচ। তার মধ্যে ৫৩টি ম্যাচ সপ্তাহান্তে। এবারই প্রথম ইউটিউবে দেখা যাচ্ছে আইএসএল। দেখানো হবে ম্যাচ সংক্রান্ত সাক্ষাৎকার এবং বিশেষ তথ্যচিত্রও দেখানো হবে। এই লিগকে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।
গত মরশুমে আইএসএল আয়োজনের দায়িত্ব নিয়ে মতানৈক্যের কারণে অনেক দেরিতে শুরু হয়েছিল প্রতিযোগিতা। সংক্ষিপ্ত সেই প্রতিযোগিতায় প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এবার অবশ্য পুরনো ফরম্যাটে ফিরছে আইএসএল। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দু’বার করে খেলবে। কিন্তু প্রতিযোগিতার শুরুতেই সম্প্রচার নিয়ে এই বিভ্রান্তি দর্শকদের প্রশ্নের মুখে ফেলেছে আয়োজকদের।
উল্লেখ্য, আইএসএলের উদ্বোধনী ম্যাচে এসসি দিল্লির বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে বেঙ্গালুরু এফসি। ২২ মিনিটে বোর্হা মার্টিনেজের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। ২৬ মিনিটে দিল্লিকে সমতায় ফেরান রদ্রিগুইনহো। ৩২ মিনিটে মেনো কোচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় দিল্লি। তবে দ্বিতীয়ার্ধে জাত চেনায় বেঙ্গালুরু। ৭৫ মিনিটে বেঙ্গালুরুর হয়ে স্কোর লাইন ২-২ করেন মার্টিনেজ। সকলে যখন ভেবেছিল অমীমাংসিত অবস্থায় শেষ হতে চলেছে ম্যাচ, সেই সময় মেনোর জয়সূচক গোল। প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।
