Hashtagintro

শূন্যতা আছে, শূন্যের গভীরতা নেই

মিডিয়া জুড়ে তুচ্ছতার প্রদর্শনী– বাণিজ্যিক বিরতি, বিজ্ঞাপন, খবরের ঝলক, সংবাদ পাঠক, বিজ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞাপন, কোনও ‘বিকল্প’ নেই পর্দা ভরে রাখার– না হলে এক দমবন্ধ করা শূন্যতা। ছোট জানালায় তুচ্ছ কোনও অভিব্যক্তি বড় হয়ে ওঠে। যদি কোনও গভীরতা থাকে তা শূন্যতার। লিখছেন, চিন্ময় গুহ।

‘Where is the way to the dwelling of light,/ And where is the place of darkness…?’
‘The Book of Job’, ‘Old Testament’

অদ্ভুত শিরশিরে কাঁপুনি। চতুর্দিকে এক দানবীয় নাচ। অতিরিক্ত তথ্যের স্তূপ আকাশ ছুঁয়েছে, অথচ ক্রমশ আবছা হয়ে আসছে অর্থ। এত শব্দার্থিক অস্বচ্ছতা (‘semantic blur’) মানুষের ইতিহাসে আমরা আগে কখনও দেখিনি। ঠোঁট নড়ছে, লেখা হচ্ছে, কিন্তু গঠিত হচ্ছে না তেমন কোনও কথা বা আদল, কোনও সর্বান্বয়ী প্রতিভাস।

পরিবর্তিত হতে হতে এই হতভাগা পৃথিবী, সাড়ে ৪ হাজার কোটি বছর যার বয়স, ‘বিগ ব্যাং’-এর সময় থেকে ধরলে প্রায় ১৪ হাজার কোটি, এখন এক সুবিস্তৃত বড়বাজার, যা আদিগন্ত শুঁড় প্রসারিত করে চেপে ধরছে গলা। ৭০ হাজার বছরে ‘হোমো সেপিয়েন্স’ নামক তুচ্ছ পশু ধীরে ধীরে হয়েছে ঈশ্বর, লোভের সমাজতত্ত্বের কাছে নিজের টুঁটি টিপে ধরার আগে। এখন, সে নিজস্বীর প্রতিফলনের মধ্যে বেঁচে আছে, যা বিকৃত করে দিচ্ছে ছবি। রাশি রাশি ছায়ার নীচে বিলীন হয়ে গিয়েছে ছবির বাস্তব। শুধু ছবি, শুধু ভান। কোথায় গেল আমাদের মন? আমাদের একাকী অঞ্জলি-ভাষা, যা হাজার বছর ধরে তিলে তিলে সৃষ্ট হয়েছে? যুদ্ধের পর যুদ্ধ, স্বৈরতন্ত্রের পর স্বৈরতন্ত্র, মিথ্যার পর মিথ্যা যা নষ্ট করতে পারেনি, তা করেছে গত অর্ধশতকের বাজার অর্থনীতি আর তার বল্লমের প্রতি দীর্ঘ প্রতিবিম্ব।

ইতিহাস যেন ক্রমশ এক হারানো নির্দেশক, এক পুরাকথা। কোনও শক্তিশালী নির্দেশক নেই কোথাও। শুধু আছে হারানো নির্দেশকের প্রতি নস্টালজিয়া। দু’-চোখের পিছনে মস্তিষ্কের দশ হাজার কোটি নিউরন কি ক্রমশ নিষ্ক্রিয় হয়ে আসছে? মানুষের শ্রেষ্ঠ সম্পদ কল্পনাশক্তি কেড়ে নিয়েছে তারই হাতে তৈরি অন্তর্জাল, তার সর্বপ্রধান অস্ত্র ধীশক্তি কিছু দিনের মধ্যে ছিনিয়ে নিতে চলেছে ‘কৃত্রিম’ বুদ্ধি। এবার সে কী করবে তার নশ্বর কঙ্কালটুকু নিয়ে? মিডিয়া জুড়ে তুচ্ছতার প্রদর্শনী– বাণিজ্যিক বিরতি, বিজ্ঞাপন, খবরের ঝলক, সংবাদ পাঠক, বিজ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞাপন কোনও ‘বিকল্প’ নেই পর্দা ভরে রাখার– না হলে এক দমবন্ধ করা শূন্যতা। ছোট জানালায় তুচ্ছ অভিব্যক্তি বড় হয়ে ওঠে। যদি কোনও গভীরতা থাকে তা শূন্যতার।

হাক্সলি এক লুকনো বিপদের সম্পর্কে আমাদের সাবধান করেছিলেন: আরাম– আধুনিক প্রযুক্তি যাকে তিলে তিলে তৈরি করেছে আমাদের জন্য, যার আওতা থেকে ধনী বা দরিদ্র কেউ রক্ষা পায়নি। ভয় অথবা নিয়ন্ত্রণের চেয়ে আরাম আমাদের ভৃত্য বানিয়ে দেয়, স্বাধীনতার বয়ান বদলে যায় নির্ভরতায়।

‘শবের ওপরে শামিয়ানা’ টাঙিয়ে তবে কি এসব মিথ্যা পুতুলখেলা থেকে শুধু মজা লুটব, অলডাস হাক্সলি-র ভবিতব্যবিধুর উপন্যাস ‘সাহসী নতুন পৃথিবী’-র (১৯৩২) ‘বিশ্বরাষ্ট্র’-য় বিষাক্ত মাদক ‘সোমো’ খাওয়া মানুষদের মতো? সেখানে শুধু ভোগ নয়, বাঁচার জন্য ধ্বংস করতে হবে, এমনকী মানব সম্পর্ককে। বদ্রিয়ারের এই কথাটা যে কত সত্য, তা আমরা হাড়ে হাড়ে জেনেছি। তিনি আধুনিক সমাজের কেন্দ্রে এক বৈপরীত্য খুঁজে পেয়েছেন– সমাজ কিছুই প্রয়োজন অনুযায়ী তৈরি করে না, তাকে শেষ পর্যন্ত সেটিকে ব্যবহার করে, সেকেলে বানিয়ে আণবিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য করে। এই ‘সেকেলে’ বানানোটা একটি দুর্ঘটনা নয়, সেটিই নিয়ন্ত্রক। তাঁর মতে, এই স্থায়ীভাবে মুছে দেওয়াটা শুধু অর্থনীতিকে কাঠামো দেয় না, আধুনিক মানুষকে রূপায়িত করে, যে, এই নির্মাণ আর বিলোপের অন্তহীন বৃত্তের মধ্যে দণ্ডিত।

‘আমার মন কোথায় গেল? কে লইল?’ উনিশ শতকের শেষে কমলাকান্তের আর্তি এখন অন্য এক ভয়ংকর পৃথিবীতে ছিঁড়ে ফেলছে আমাদের। যে ‘আত্মাদর’-এর কথা সে বলেছিল (‘এখন জানিয়াছি যে, কুসুমে কীট আছে, কোমল পল্লবে কণ্টক আছে, আকাশে মেঘ আছে, নির্মলা নদীতে আবর্ত আছে, ফলে বিষ আছে, উদ্যানে সর্প আছে; মনুষ্যহৃদয়ে কেবল আত্মাদর আছে।’, ‘কমলাকান্ত’, প্রথম সংখ্যা), যে-কথা সতেরো শতকে মনে করিয়ে দিয়েছিলেন লা রোশফুকো, তাকে একুশ শতকে নতুন মুখোশের ধনতন্ত্র বিধ্বংসী অস্ত্র হিসাবে ব্যবহার করবে একদিন। পৃথিবীকে বৃক্ষহীন করব বলে কুঠার হাতে সেই বৃক্ষরাজির নীচে দাঁড়িয়ে আছি আমরা, যেখানে আমাদের পূর্বপুরুষেরা কাটিয়েছে লক্ষ লক্ষ বছর। তাদের আতঙ্কিত করত পড়ে যাওয়ার ভয়। এখনও কি কেটেছে সেই ভয়? আধুনিক মানুষ রূপে ৭০ হাজার বছর পার করেও আমাদের লজ্জাজন্ম এখনও নাভিতে উৎকীর্ণ হয়ে আছে, আধুনিকতার শত প্রলেপেও যা লুকিয়ে রাখা যায়নি। ‘Man still bears in his bodily frame the indelible stamp of his lowly origin.’ (Charles Darwin, ‘The Descent of Man’) আমরা বাস্তব পৃথিবীতে আর বেঁচে নেই, বেঁচে আছি শুধু পৃথিবী সম্পর্কে কতগুলি ধারণার মধ্যে, বস্তু নয়, বস্তুর প্রতিফলনের মধ্যে। কিছু ঘটেছে বলে আমরা অনুভব করি না, অনুভব করি তা পূর্বপরিকল্পিত বলে, বিভ্রমের নানা স্তরে আমাদের ছিন্নবিচ্ছিন্ন অভিজ্ঞতাগুলি আধারিত হয়ে আছে বলে। অভিনয় করতে করতে কেন কীসের অভিনয় করছি মনে পড়ে না আর। হাসির ভিতর থেকে ঝরে পড়ে কাঠের গুঁড়ো। ইউরোপে উনিশ শতকের শেষ ভাগে যিনি প্রথম মিথ্যেকে মিথ্যে বলে সনাক্ত করতে পেরেছিলেন, সেই নিৎশে কি এখনকার এই বিভ্রমের থিয়েটারের প্রথম দ্রষ্টা?

‘The doors of heaven and hell are adjacent and identical.’ (Nikos Kazantzakis, ‘The Last Temptation of Christ’) এ-কথা আমাদের চেয়ে বেশি জানে কে? মানুষের প্রকৃত সত্তাকে বুঝতে গিয়ে ফিওদর দস্তয়েভস্কি আয়নার মানুষ নয়, সত্যিকারের মানুষের যন্ত্রণাকে অধ্যয়ন করেছিলেন, বিশৃঙ্খলার মধ্যে খুঁজেছিলেন অর্থ। কিন্তু ‘নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড’-এর (১৮৬৪) ৪০ বছর বয়সি একাকী মানুষটির কাছে ‘আন্ডারগ্রাউন্ড’ একটি মানসিক অবস্থা, যে-মানুষটি নিজেই বেছে নিয়েছে তার জীবন, বিলাসিতার জন্য নয়, প্রয়োজনীয়তার জন্য। স্নায়ুশিরার ভিতরে ক্ষয়, আত্মবিশ্বাস নেই, সবকিছু বুঝেও এক অক্ষমতা, প্রতি মুহূর্তে মৃত্যু, নিজের শর্তেই প্রত্যাখ্যাত। এ একাকী যন্ত্রণা এখনও সত্যি, যেমন বোদল্যেরেরও, কিন্তু ভুললে চলবে না যে, এখনকার দার্শনিক বিভ্রমের সময়কাল, সূত্র ও অনুষঙ্গ আলাদা।

পৃথিবীকে বৃক্ষহীন করব বলে কুঠার হাতে সেই বৃক্ষরাজির নীচে দাঁড়িয়ে আছি আমরা, যেখানে আমাদের পূর্বপুরুষেরা কাটিয়েছে লক্ষ লক্ষ বছর। তাদের আতঙ্কিত করত পড়ে যাওয়ার ভয়। এখনও কি কেটেছে সেই ভয়?

১৯৩২ সালে লেখা হাক্সলির উপন্যাস ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এ ফিরে আসি। তিনি দেখিয়েছেন ভবিষ্যতের সমাজ শিকল আর চাবুক দিয়ে তৈরি হবে না, হবে অন্তহীন বিনোদন আর সুখ দিয়ে। নিরবচ্ছিন্ন বিনোদনের মাঝে লোকে প্রশ্ন করবে না। এই অদ্ভুত সমাজ ভয় দেখিয়ে শাসন করবে না, করবে সেরোটোনিন, অক্সিটোসিন আর ডোপামাইনের দীর্ঘস্থায়ী সুখ দিয়ে। এই মাদকগুলি রাষ্ট্রীয় হাতিয়ার হিসাবে পুলিশ আর ব্যালটের জায়গা নেবে। হাক্সলি এক লুকনো বিপদের সম্পর্কে আমাদের সাবধান করেছিলেন: আরাম– আধুনিক প্রযুক্তি যাকে তিলে তিলে তৈরি করেছে আমাদের জন্য, যার আওতা থেকে ধনী বা দরিদ্র কেউ রক্ষা পায়নি। ভয় অথবা নিয়ন্ত্রণের চেয়ে আরাম আমাদের ভৃত্য বানিয়ে দেয়, স্বাধীনতার বয়ান বদলে যায় নির্ভরতায়। আরাম চিরকালই মানুষের কাঙ্ক্ষিত, কিন্তু এই সর্বত্রগামী বাজার অর্থনীতি ইচ্ছাশক্তিকে দুর্বল করে, স্নায়ুকে অবশ করে আরামকে চরম আসক্তিতে পরিণত করে। শিকল ছেঁড়ার জন্য আর-একজন ফ্রিডরিখ নিৎশেকে কোথায় পাব? যখন অনিদ্রার শূন্যে হবে নিরালম্ব আমাদের মুখোমুখি দেখা।

বিশ্ববাজারের নিয়ন্ত্রকদের হাতে তৈরি এই নীল নিরালা। সভ্যতা নিয়ে চিরচিন্তিত হাক্সলি এখন বেঁচে থাকলে দেখতেন, অরওয়েলের রাষ্ট্রীয় শাসন অব্যাহত আছে, সেই সঙ্গে তার নতুন শক্তি প্রযুক্তির খেলনা দিয়ে আচ্ছন্নতা। লক্ষ লক্ষ মানুষ মোবাইল আর সমাজমাধ্যমের আকর্ষণে বিহ্বল হয়ে আছে। ভোগ ছাড়া আর কোনও ভাষা নেই। এই মাদক মেসকালিনের ইঞ্জেকশনের চেয়ে হাজার গুণ শক্তিশালী। প্রতিফলিত বাস্তবের মধ্যে বাস করতে করতে শেষ কয়েক দশকে কখন আমাদের মস্তিষ্কের মাইক্রোসার্কিটে এক স্নায়ু রাসায়নিক পরিবর্তন ঘটে গিয়েছে। যেন মানুষের আধুনিক ইতিহাসে এই প্রথম আমাদের কিছু করার নেই। এই স্বনির্মিত জতুগৃহে অমানবিক আর অতিজাগতিক এক দানবিক যান্ত্রিক মস্তিষ্ক দিয়ে মুছে দিতে চলেছি আমাদের ধুলোমাখা অণু-পরমাণুর বিবর্তন।

মহাবিশ্বের নশ্বর সন্তান আমরা। কী করে ভুলি রাজা লিয়ারের সাবধানবাণী– ‘Come not between the dragon and the wrath’? ইতিহাসের এক জ্বলন্ত অগ্নিরেখার উপর দাঁড়িয়ে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আমার, আমাদের কঙ্কাল। কে যেন বলেছিল ‘Non nobis solum nati sumus’, ‘পুষ্প আপনার জন্য ফোটে না’। আমার মন কোথায় গেল?

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language