শেয়ার বাজারে ষাঁড়ের দৌড়! গত সপ্তাহে আরবিআই রেপোরেট বাড়ানোয় সেনসেক্সের সমূহ পতন হয়েছিল। এবার দেশজুড়ে বচ্ছরকার উৎসবের আগেভাগে উলটো চিত্র দেখা গেল। ১১০৯ পয়েন্ট উঠল সেনসেক্স। অন্যদিকে নিফটিও ৩৫৯ বেড়ে বিনিয়োগকারীদের মুখ উজ্জ্বল করল। দালাল স্ট্রিটের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর ফলে ৪ লক্ষ কোটি টাকা আয় করেছেন অসংখ্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা।
দিন শেষে ১১০৯ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছাল ৭৩,০৩৩.৭৮ পয়েন্টে। অর্থাৎ উত্থান হল ১.৫৪ শতাংশ। অন্যদিকে নিফটি থামল ২২,৭২১.৯৫ পয়েন্টে। শতাংশের হিসাবে উঠল ১.৬০ শতাংশ। এর ফলে বিনিয়োগকারীদের সর্বমোট আয়ের পরিমাণ দাঁড়াল ৪.১২ লক্ষ কোটি টাকা। মনে করা হচ্ছে, দালাল স্ট্রিটের সাম্প্রতিক উত্থানের পিছনে রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের LTCG (দীর্ঘমেয়াদী মূলধন লাভ করা) এবং সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) সম্পর্কিত মন্তব্য। যা আস্থা বাড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে শেয়ার বিক্রি বেড়েছে। অন্যদিকে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কিছুটা কমার প্রভাব পড়েছে শেয়ার বাজারে।
গত কয়েক সপ্তাহে একটানা পতনের মুখে পড়েছে শোয়ার বাজার। এর মূল কারণ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি। নরমে ও গরমে ইরান-আমেরিকা সংঘর্ষ অব্যাহত। নতুন করে শুরু হয়েছে সৌদি আরব-হাউথি সংঘর্ষ। হরমুজ প্রণালী দিয়ে তেল বাণিজ্য এখনও স্বাভাবিক নয়। এর জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে থাকছে না। তেলের ঊর্ধ্বমুখী দাম ভারতের জন্য উদ্বেগের। কারণ ভারতই বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারী দেশ।
Source: Sangbad Pratidin India (Bengali)
