ডিএমএস ও ডিএইচএমএস ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি চিকিৎসকদের ডেথ ও বার্থ সার্টিফিকেট দেওয়ার অধিকার ফিরিয়ে দিল স্বাস্থ্যদপ্তর। বুধবার স্বাস্থ্যভবনের সামনে শতাধিক ডিপ্লোমা হোমিও চিকিৎসকের বিক্ষোভের পরই এ সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়। উল্লেখযোগ্য ভাবে, এ দিনই ‘সংবাদ প্রতিদিন’-এর প্রথম পাতায় এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল। যা হাতে নিয়েই অবস্থানে বসেন বিক্ষুদ্ধ ডাক্তারদের একাংশ। স্বাস্থ্য অধিকর্তা, যুগ্মসচিব এবং হোমিওপ্যাথি অধিকর্তার কাছে ডেপুটেশনও দেওয়া হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন অল বেঙ্গল হোমিও ফোরামের তিমির দাশ, ঝোটন দাস, রবিউল আলম ও মতিলাল গিরি-সহ অন্যরা। পাশে ছিলেন মেডিক্যাল সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও। হোমিওপ্যাথি চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ‘হোমাই’-এর সর্বভারতীয় সভাপতি ডা. শ্যামল মুখোপাধ্যায় জানান, ১৯৬৪ সাল থেকে ডিএমএস ডিপ্লোমাধারীরা জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়ার অধিকার পান। ডিএইচএমএস চালুর পর তা প্রত্যাহার হলেও দীর্ঘ আন্দোলনের পরে ১৯৯৯ সালে ফের অধিকার ফিরে আসে।
কিন্তু চলতি বছরের ৯ জুলাই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ডিএমএস ও ডিএইচএমএস চিকিৎসকদের সেই অধিকার ফের কেড়ে নেওয়া হয়। ফের অধিকার প্রতিষ্ঠা হল। এ দিনের নোটিফিকেশনকে আন্দোলনের বড় জয় বলে দাবি করেছে চিকিৎসক সংগঠনগুলি। তাদের পরবর্তী দাবি, সম্মিলিত গেজেট নোটিফিকেশন এবং হোমিওপ্যাথি কলেজগুলির পরিকাঠামো উন্নয়ন। এ নিয়ে নভেম্বরে কনভেনশন করার সিদ্ধান্ত হয়েছে।
