২০২৫ সালে ছিল ‘প্যারাসোসিয়াল’। ২০২৪ সালে ‘মেনিফেস্ট’। আর এই বছর কেমব্রিজের সেরা শব্দ হিসেবে উঠে এল এমন এক শব্দ যা প্রতি মুহূর্তে এআইয়ের দাপটের মাঝে নতুন করে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করল যেন। শব্দটা সকলের চেনা- ‘হিউম্যান’।
যুগটা কৃত্রিম বুদ্ধিমত্তার। মানুষ ও যন্ত্রের মধ্যেকার সীমারেখা কেমন যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। এমন পরিস্থিতিতে মানুষ হওয়ার অর্থ কী— এই বিষয়ে ক্রমবর্ধমান বৈশ্বিক বিতর্কের প্রতিফলন হিসেবেই কেমব্রিজ অভিধান এই শব্দটিকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছে। অভিধানে ‘মানব’-কে দেবতা, পশু বা যন্ত্রের বিপরীতে, মানুষের গুণাবলী, দোষত্রুটি এবং অনুভূতিসম্পন্ন হিসেবে সংজ্ঞায়িত করেছে।
চাকরি, সৃজনশীলতা, শিক্ষা এবং মানবিক সম্পর্কের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই আলোচনায় ‘হিউম্যান’। মধ্যযুগে বৈষ্ণব পদাবলীর কবি বড়ু চণ্ডীদাসের সেই অমোঘ উচ্চারণ মনে পড়ে যাবেই। ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ আজ অবশ্য পরিস্থিতি পুরোটাই বদলে গিয়েছে। কৃত্রিম মেধার ভিতরে চেতনা ফুটে উঠছে, প্রশ্ন উঠছে মানুষ কি সবার উপরে অসীম সত্যের প্রতিনিধি হয়ে থাকতে পারবে। এই পরিস্থিতিতে কেমব্রিজের এই নির্বাচন ঘিরে চর্চা শুরু হয়েছে। যা আপাতত চলবে ধরেই নেওয়া যায়। অমৃতের পুত্রকন্যারা বিশ্বাস করে, এআই যতই শক্তিশালী হয়ে উঠুক, শেষপর্যন্ত মানবতারই জয় হবে। এই নির্বাচন যেন সেই বার্তাকেই নতুন মাত্রা দিল।
কীভাবে হল এই মনোনয়ন? এপ্রসঙ্গে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস বলেছেন, “মানুষ হওয়ার অর্থ কী, তা নিয়ে এআই আমাদের আরও গভীরভাবে ভাবতে বাধ্য করছে।” তিনি আরও বলেন যে, এআই মানুষের জীবনকে কতটা উন্নত করে, তার ভিত্তিতেই এর সাফল্য পরিমাপ করা উচিত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এআই ও মানবাধিকার বিশেষজ্ঞ অধ্যাপক র্যাচেল অ্যাডামসের গলাতেও একই সুর। তিনি বলেছেন, এআই মানব পরিচয় সম্পর্কে মৌলিক প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসছে। এককথায় এআই মনে করিয়ে দিয়েছে আমরা কারা। নতুন করে তাই প্রাসঙ্গিক হয়ে উঠেছে ‘মানব’ শব্দটি।