ভারত-বাংলাদেশ সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’। সেখানেই গত চার দিন ধরে আটকে রয়েছেন। সম্বল বলতে পাতলা একটা কম্বল। গত মঙ্গলবার থেকে খোলা আকাশের নিচে এক পোশাকে এভাবেই দিন কাটাতে হচ্ছে বছর ত্রিশের এক মহিলাকে। বিএসএফ বা বিজিবি কেউ-ই তাঁকে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলে সূত্রের খবর। শনিবার দুপুর পর্যন্ত কোনও সমাধানসূত্র বেরোয়নি। জানা গিয়েছে, ঘটনাটি অসমের কাকড়িপাড়া সীমান্তচৌকি এবং বাংলাদেশের জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের।
টানা চারদিন ধরে জামালপুর সীমান্তের জিরো লাইনে রয়েছেন মহিলা। বিএসএফ সূত্রে দাবি করা হচ্ছে, ওই মহিলা বাংলাদেশি। তিনি ভিক্ষুক সেজে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অসমে প্রবেশের চেষ্টা করছিলেন। অন্যদিকে, বাংলাদেশের দাবি, আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছ দিয়ে মঙ্গলবার সকালে তাঁকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। জামালপুর ৩৫-বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে পুশ ইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই মহিলা নো ম্যানস ল্যান্ডে থাকতে শুরু করেন। এরপর থেকে টানা চারদিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করেই থাকছেন তিনি।
মহিলার একটি ছবিও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। মাটির উপর খড় বিছিয়ে তার উপর এক পাতলা কম্বল বিছিয়ে বসে রয়েছেন তিনি। সামনে রাখা কিছু খাবারের প্যাকেট, জলের বোতল। মহিলা নিজের পরিচয় দিয়েছেন ‘ফুজি বেগম’ বলে। বাবার নাম জানিয়েছেন হানিফ। তবে ঠিকানা কখনও বলেছেন পিরোজপুর, কখনও ঝালকাঠি। আবার কখনও দাবি করেছেন বরিশালের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা ফ্ল্যাগ মিটিং করে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
