Hashtagintro

সর্বোচ্চ তাপমাত্রা একধাক্কায় নামল ৭ ডিগ্রি, আকভান সরতেই এবার জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়?

ক্ষমতা হারিয়ে শক্তি হারিয়েছে আকভান। নিম্নচাপের আকার নিয়ে সে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। গতকাল, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমেছে কলকাতা-সহ আশপাশের জেলায়। ররিবার সকাল থেকেই রোদের দেখা মিলেছে মহানগরে। কেমন থাকবে এদিনের আবহাওয়া? বৃষ্টি কমে গেলে কি এবার তাপমাত্রার পারদ নামবে কলকাতা ও দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কাল, সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এক ধাক্কায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি নিচে নেমে গিয়েছে।

এদিন সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হলেও গতকাল, শনিবার থেকে আর তেমনভাবে বৃষ্টি দেখা যায়নি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, রবিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে প্রায় সারাদিনই মেঘলা আকাশ দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়াও মোটের উপর একই রকম থাকবে। আগামী কাল দুপুর থেকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। পাশাপাশি উপকূল অঞ্চলেও বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানাচ্ছে, গোটা দক্ষিণবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বিকেলের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে। তাপমাত্রাও কমবে বলে প্রাথমিকভাবে অনুমান।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় নেমে এসেছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস কম। সেকারণেই শীতের অনুভব শহর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনুভব হয়েছে। আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশের ফলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে নামবে বলেই আগাম জানাচ্ছে হাওয়া মোরগ।

তবে দক্ষিণবঙ্গে কমলেও উত্তরবঙ্গে বৃষ্টির কাঁটা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি সোমবার পর্যন্ত চলবে বলে খবর। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার থেকে আবহাওয়ার ক্রমে উন্নতি হবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করবে বলে খবর।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language